সাংসদের বাড়িতে বোমা হামলার প্রধান আসামি ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ আসনে সরকারদলীয় সাংসদের বাড়িতে বোমা হামলা মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৮) চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ তাঁকে কুষ্টিয়ার (দৌলতপুর) বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায়। শুনানি শেষে বিচারক আবদুল্লাহ আল মামুন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।জানা গেছে, ১৩ নভেম্বর রাতে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা হামলা হয়। এতে স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশমত আলী, সিদ্দিকুর রহমান ও আহাদুল ইসলাম নিহত হন। একই স্কুলের ওবাইদুল ইসলাম নামের আরেকজন সহকারী শিক্ষক আহত হন। ঘটনার পর সাংসদ আফাজ উদ্দীন আহমেদের ছোট ছেলে এজাজ আহমেদ ওরফে মামুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলা করেন। মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম। তিনি দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।