সাংসদের বাড়িতে হামলা, হাতিয়ায় ১৪৪ ধারা
নোয়াখালীর হাতিয়া থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের বাড়িতে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের সঙ্গে ফজলুল আজিমের সমর্থকদের সংঘর্ষ বাধে। পাল্টাপাল্টি হামলা, ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাতিয়া উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ ১০ থেকে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রশাসন হাতিয়া উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। প্রয়োজনে আরও পুলিশ পাঠানো হবে।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশীদ ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।সাংসদ ফজলুল আজিম অভিযোগ করেন, ‘সাবেক সাংসদ মোহাম্মদ আলীর সমর্থকেরা আমার বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তারা আমার বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং নেতা-কর্মীদের মারধর করে।’তবে মোহাম্মদ আলী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ফজলুল আজিম হাতিয়ায় এলেই এলাকা অশান্ত হয়ে ওঠে। এখানে তাঁর সমর্থকরা সব অপকর্মের মূলে। প্রসঙ্গত, স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পৌর মেয়র এ কে এম ইউছুফ আলীসহ অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল রাত আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত উপজেলা সদরের কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন।