সাংসদের বিরুদ্ধে দলে ভাঙন ধরানোর চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগে ভাঙন ধরানোর অভিযোগ উঠেছে। দলের জেলা কমিটির উদ্যোগে স্থানীয় চার উপজেলার সাংগঠনিক অবস্থা নিয়ে দুই দিনের এক আলোচনা হয়। এ সভায় পুঠিয়া উপজেলার একাধিক নেতা এই অভিযোগ করলেও সাংসদ ওয়াদুদ তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। নগরের মিয়াপাড়ায় অবস্থিত সাধারণ গ্রন্থাগারে বুধবার এ আলোচনা শুরু হয়। দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর চার উপজেলার সাংগঠনিক সমস্যা নিরসনে মাস দুয়েক আগে জেলা কমিটির তিন সহসভাপতিকে আহ্বায়ক করে তিনটি উপকমিটি গঠন করা হয়। পুঠিয়ায় নুরুল ইসলাম, বাঘা ও চারঘাটে মকবুল হোসেন খান এবং পবায় আনিল সরকারকে আহ্বায়ক করা হয়। উপজেলা কমিটির সমস্যা নিয়ে আলোচনা সভার প্রথম দিন গত বুধবার পুঠিয়া, পবা ও বাঘার অবস্থা আলোচনা হয়েছে। গতকাল হয়েছে চারঘাট নিয়ে আলোচনা।আলোচনায় সংশ্লিষ্ট উপজেলা থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিদল ও স্থানীয় সাংসদেরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দীন মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী। পুঠিয়া আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনাকালে স্থানীয় সাংসদ ওয়াদুদের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রুস্তম আলী, শামসুজ্জোহা ক্ষোভ প্রকাশ করেন। তবে শেষের দুজনকে পরে লিখিতভাবে তাঁদের অভিযোগ জানাতে বলা হয়। সভায় গোলাম ফারুক বলেন, শুরু থেকেই সাংসদ ওয়াদুদ উপজেলা আওয়ামী লীগে ভাঙন ধরানোর চেষ্টা করে যাচ্ছেন। তিনি গত জাতীয় শোক দিবসের দলীয় অনুষ্ঠানে যোগদানও করেননি। তিনি (সাংসদ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি হতে কিছুদিন আগে সংগঠনকে এড়িয়ে একটি সভা আহ্বান করেন। সেখানে উপজেলা কমিটির উপস্থিত সদস্যদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরে তাতে গণপদত্যাগের আবেদন লিখে জেলা কমিটিতে জমা দেন। তিনি আরও অভিযোগ করেন, কমিটিতে ভাঙন ধরাতেই সাংসদ এভাবে মিথ্যার আশ্রয় নিয়েছেন। তবে সাংসদ ওয়াদুদ গতকাল উপজেলা নেতা গোলাম ফারুকের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এসব অভিযোগ একেবারেই অসংগতিপূর্ণ। এ ধরনের অপ্রাসঙ্গিক অভিযোগ সত্ত্বেও তিনি সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে চান। তিনি আরও বলেন, সংগঠনের বৃহত্তর স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান তিনি। বাঘা উপজেলার সাংগঠনিক সমস্যা নিয়ে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের নেতা লায়েব উদ্দিন, উপজেলা নেতা মোজাম্মেল হক প্রমুখ। পবা থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসীন আলী, সহসভাপতি মাজদার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। গতকাল চারঘাট উপজেলার সাংগঠনিক ব্যাপারে আলোচনা সভায় বক্তব্য দেন কমিটির সভাপতি আনোয়ার হোসেন, রায়হানুল হক, ফকরুল ইসলাম, টিপু সুলতান, জেলা কমিটির সাইফুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সহসভাপতি আক্তার জাহান।