সাংসদের বিরুদ্ধে পাউবোর প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের সাংসদ মনিরুল ইসলাম ও তাঁর ছেলে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় পৌনে দুই কোটি টাকার ঠিকাদারি কাজ নিতে সাংসদ সাংসদ মনিরুল ইসলাম ও তাঁর ছেলে নির্বাহী প্রকৌশলীর কক্ষে তাঁকে লাঞ্ছিত করেন। আজ সোমবার এ ঘটনা ঘটে।নির্বাহী প্রকৗশলী হারুন অর রশিদ তাঁকে লাঞ্ছিত করার কথা অস্বীকার করে বলেছেন, নির্বাচনী এলাকার কিছু উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলার জন্য সাংসদ মনিরুল তাঁর কক্ষে গিয়েছিলেন। এ সময় অন্যান্য ঠিকাদারের সঙ্গে সাংসদের বাকবিতণ্ডা হয়।নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষুব্ধ ঠিকাদার ও পাউবো কর্মচারীরা সাংসদ ও তাঁর ছেলেকে এক ঘণ্টা নির্বাহী প্রকৌশলীর কক্ষে আটকে রাখেন। পরে পুলিশের প্রহরায় ছেলেসহ সাংসদ মনিরুল ইসলাম পাউবো কার্যালয় ত্যাগ করেন। এ সময় ঠিকাদারেরা তাঁর গাড়ি ধাওয়া ও জুতা নিক্ষেপ করেন।পাউবো ও সংশি¬ষ্ট ঠিকাদারদের সূত্র জানায়, উজিরপুরের ধামুরা নদীর ভাঙন প্রতিরোধে ব্লক তৈরির জন্য এক কোটি ৭১ লাখ টাকার দরপত্র আহ্বান করা হলে গত ৮ ডিসেম্বর তিনটি দরপত্র জমা পড়ে। দরপত্রে মেসার্স এম বিল্ডার্স, এসআর কনস্ট্রাকশন ও মেসার্স আল মামুন এন্টারপ্রাইজ অংশ নেয়। সর্বনিম্ন দরদাতা হচ্ছে (৫ শতাংশ) আল মামুন এন্টারপ্রাইজ। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হচ্ছে মের্সার্স এম বিল্ডার্স। এম বিল্ডার্স প্রতিষ্ঠানটি সাংসদ মনিরুল ইসলাম। ওই কাজটি দেওয়ার জন্য প্রভাব বিস্তার করতে সাংসদ ও তাঁর ছেলে রিয়াজুল ইসলাম আজ বেলা পৌনে ১১টার দিকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে যান।ওই কক্ষে থাকা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার মির্জা আবুয়াল হোসেন অরুণ প্রথম আলোকে বলেন, ‘সাংসদ কক্ষে ঢুকেই নির্বাহী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। সাংসদ বলেন, “আমার এলাকায় আমি যা বলব, তাই করতে হবে।” এ সময় আমি সাংসদকে শান্ত থাকার অনুরোধ করলে তিনি আমার সঙ্গেও দুর্ব্যবহার করেন। একপর্যায়ে সাংসদের ছেলে সুমন নির্বাহী প্রকৌশলীর ওপর চড়াও হয়ে তাঁকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। আমি নিজে সুমনকে নিষেধ করলেও সে কথা শোনেনি।’এ সংবাদ পেয়ে পাউবোর কর্মচারী, ঠিকাদার ও অন্য কর্মীরা এসে জড়ো হন এবং ঘটনার প্রতিবাদ জানান। এ সময় ঠিকাদার ও কর্মচারীরা সাংসদ ও তাঁর ছেলেকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সংবাদ পেয়ে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আ. রব মিয়া ও পুলিশের উপকমিশনার ভানু লাল দাসসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে বেলা ১২টায় পুলিশের প্রহরায় সাংসদ মনিরুল ও তাঁর ছেলে সেখান থেকে বেড়িয়ে আসেন।উপপুলিশ কমিশনার ভানু লাল দাস জানান, নির্বাহী প্রকৌশলীর কক্ষে সাংসদের লোক হিসেবে পরিচিত শহীদ নামক একজনকে অন্য ঠিকাদাররা ধাক্কা দেন। এ নিয়ে হট্টগোলের খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। কোনো পক্ষ তাঁর কাছে কোনো অভিযোগ করেননি।তত্ত্বাবধায়ক প্রকৌশলী আ. রব মিয়ার সঙ্গে যোগাযোগ করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।সাংসদ মনিরুল বলেন, ‘এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলতে তাঁর কার্যালয়ে যান। সেখানে জেলা যুবলীগের আবুয়াল হোসেনসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী তাঁদের (যুবলীগের) চলে যেতে বলায় তাঁরা ক্ষুব্ধ হন। তাঁরা নিজেদের মেয়রের লোক বলে দাবি করে আমাকেও দেখে নেবে বলে জানান। এ নিয়ে তাঁদের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। যুবলীগের নেতারা উপজেলা ছাত্রলীগের দুই কর্মীকে মারধরও করেছেন।’