সাংসদের বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপের বিএনপিদলীয় সাংসদ মোস্তফা কামাল পাশার বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোডে তাঁর আপন ভাইয়ের সঙ্গে মালিকানা-সংক্রান্ত বিরোধের জের ধরে তিনি একটি বাড়ির দখল নিতে যান বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, আইস ফ্যাক্টরি রোডের বাড়িটি ১৯৬২ সালে তাঁর বাবা আবদুল বাতেনের নামে কেনা হয়। বাড়িটির একটি অংশে মোস্তফা কামালের বড় ভাই এ বি এম আশরাফুল্লাহ ও তাঁর ছেলেরা বসবাস করছেন। অপর অংশটি মোস্তফা কামাল ভাড়া দিয়েছেন। বাড়িটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। অভিযোগে জানা যায়, আজ ভোরে মোস্তফা কামাল পাশা দলবলসহ সেখানে উপস্থিত হয়ে বাড়ির সীমানা দেয়াল, মূল ফটক ও মূল বাড়ি ভাঙচুর শুরু করেন। এ সময় আশরাফুল্লার ছেলেদের চিত্কারে স্থানীয় লোকজন উপস্থিত হয়। পরে পুলিশ এসে সাংসদকে নির্বৃত্ত করে। ঘটনাস্থলে তাত্ক্ষণিকভাবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই বাড়ির মালিকানা নিয়ে সাংসদ সাহেবের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ চলছিল। সাংসদ সকালে লোকজন নিয়ে ওই বাড়িতে গেলে তারা পুলিশে খবর দেন। পরে আমরা গিয়ে সাংসদকে বলি, আপনি আদালতের নির্দেশ নিয়ে এসে বাড়ি দখল করেন। আমরা এতে সাহায্য করব। এরপর সাংসদ সেখান থেকে চলে যান।’ এ ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলে এসআই জহিরুল জানান। বাড়িটির দেয়াল ভাঙচুরের সময় আশরাফুল্লার ছেলেরা পাশে অবস্থিত সিটি কলেজের ও স্থানীয় কিছু ছাত্রলীগের নেতা-কর্মীকে ফোনে খবর দেন। পরে পুলিশের পাশাপাশি তাঁরাও ঘটনাস্থলে উপস্থিত হলে সাংসদ চলে যান বলে জানা গেছে। পরে আশরাফুল্লার ছেলেরা নতুন করে তাত্ক্ষণিকভাবে সীমানা দেয়াল নির্মাণ করেন। এ প্রসঙ্গে আশরাফুল্লার ছেলে ফজলুল করিম ফেরদৌস বলেন, ‘বাড়ি নিয়ে আমার চাচার (কামাল পাশা) সঙ্গে আমাদের মামলা চলছে। চাচা কিছুদিন আগে আমাদের না জানিয়ে বাড়িটি একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে বহুতল ভবন নির্মাণের জন্য দিয়েছেন। কিন্তু তিনি এভাবে বাড়ি দখল করতে পারেন না। তাই আমরা এখন আইনের আশ্রয় নিতে যাচ্ছি।’এ প্রসঙ্গে বক্তব্যের জন্য মোস্তফা কামাল পাশাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে এক নারী ফোন ধরে বলেন তিনি ফোন বাসায় রেখে গেছেন।