সাংসদের ভাইয়ের নেতৃত্বে জমি দখলের অভিযোগ
পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদের ভাই ও ভাতিজারা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের খুনিয়াগছ গ্রামে প্রায় সাড়ে চার একর জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই জমির মালিক দাবিদার খুনিয়াগছ গ্রামের মো. হারুন-অর-রশিদ গতকাল রোববার সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এদিকে সাংসদের ভাই মো. জহিরুল হক প্রধান পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. হারুন-অর-রশিদ বলেন, সাংসদ মো. মজাহারুল হক প্রধানের প্রত্যক্ষ মদদে তাঁর ছোট ভাই জহিরুল হক প্রধানের নেতৃত্বে দুই শতাধিক সন্ত্রাসী শনিবার লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের মূল্যবান পাথরসমৃদ্ধ ৪ দশমিক ৪৫ একর জমি জোর করে দখল করে নেয়। তারা জমিতে থাকা আড়াই হাজার ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে ও হলুদসহ বিভিন্ন আবাদি ফসল নষ্ট করে দেয়। তিনি বলেন, পাথর উত্তোলনের জন্য তারা এখন সেখানে মাটি খনন করছে।হারুন-অর-রশিদ বলেন, বাপ-দাদার আমল থেকে ভোগদখল করে আসা ওই জমিতে গেলে তাঁদের মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, ওই জায়গায় যাতে কেউ যেতে না পারে, এ ব্যাপারে স্থগিতাদেশ চেয়ে তিনি ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করেন। আদালত সেদিনই তদন্ত করে প্রতিবেদন ও অন্তর্বর্তীকালে শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশের অনুলিপি ২৪ ফেব্রুয়ারি থানায় পৌঁছায়। কিন্তু পুলিশ গতকাল সোমবার দুপুরে আদালতের নির্দেশনা অনুযায়ী বর্ণিত জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪/১৪৫ ধারা কার্যকর করার বিজ্ঞপ্তি দিয়েছে।আজ দুপুরে সরেজমিন দেখা যায়, জহিরুল প্রধানের উপস্থিতিতে সেখানে কয়েক শ শ্রমিক পাথর উত্তোলনের জন্য মাটি খননের কাজ করছেন। তেঁতুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল করিমকে দুপুরের দিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে স্থগিতাদেশের বিজ্ঞপ্তি বিলি করতে দেখা যায়। বিজ্ঞপ্তি বিলির পরও ওই জমিতে কাজ চলছিল। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে এএসআই ওবায়দুল বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে কোনো পক্ষ কাজ করলে অন্য পক্ষ আদালতে যেতে পারে। আদালতের নির্দেশনা পেলে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।’ঘটনাস্থলে দিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে টিনের চালা তৈরি করা হয়েছে। ওই ঘরে লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্র দেখা গেছে। শ্রমিক পরিচয়ে কিছু লোক সেখানে রাতযাপন করেন বলে এলাকাবাসী জানান।এলাকার মোর্শেদা ও রফিকউদ্দিনসহ অনেকে বলেন, হারুনের পরিবার ২০ বছর ধরে এই জমি চাষাবাদ করে আসছে।হারুন-অর-রশিদের মা আফলা খাতুন বলেন, ‘এমপির ক্ষমতা দেখিয়ে তাঁর ভাই-ভাতিজারা সন্ত্রাসী এনে আমাদের জমি দখল করে নিয়েছে। জমিতে গেলে আমাদের মেরে জমিতে পুঁতে রাখবে বলে হুমকি দিচ্ছে।’আজ বিকেলে ভজনপুর এলাকায় মো. জহিরুল হক প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, ওই জমির প্রকৃত মালিক তাঁর ভাই জয়নাল আবেদীন প্রধান। আর হারুন-অর-রশিদের পরিবার ওই জমি বর্গাচাষ করতেন। তাঁর ভাই বেঁচে থাকতে তাঁরা ফসলের ভাগ দিতেন। কিন্তু ভাইয়ের মৃত্যুর পর তাঁরা ফসলের ভাগ দেওয়া বন্ধ করে দেন। তাঁর দাবি, ‘ওই জমি আমার ভাইয়ের ছেলেদের দখলে ছিল। জমি দখল করা হয়নি। আমাদের জমিতে পাথর তোলার উদ্যোগ নিয়েছি।’ জহিরুল হক বলেন, জমি দখল, বাঁশ ও গাছপালা কাটার অভিযোগ সত্য নয়। তিনি আরও বলেন, ‘থানার মাধ্যমে সোমবার আদালতের বিজ্ঞপ্তি পেয়েছি। আমরা নির্ধারিত তারিখে আমাদের জমির কাগজপত্র নিয়ে আদালতে হাজির হব।’ জহিরুল হক বলেন, এ জমিসংক্রান্ত কোনো বিষয়ে সাংসদের কোনো সম্পৃক্ততা নেই।সাংসদ মো. মজাহারুল প্রধান মুঠোফোনে বলেন, ‘ওই জমি আমার ভাইয়ের। এখন শুনছি ওদের নামে নাকি কাগজ আছে।’ তাঁর দাবি, বিষয়টির সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন।