১৬ তলা সিটি সেন্টার নির্মাণের কাজটি তিনি পেয়েছেন সহজেই। দরপত্র আহ্বান করা হলেও কেউ এতে অংশ নেওয়ার সাহসই পায়নি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এই ভবনের নকশাও অনুমোদন করেনি। তার আগেই তিনি নির্মাণকাজ শুরু করে দিয়েছেন। কারণ, তিনি সরকারি দলের সাংসদ।রাজশাহী সিটি করপোরেশনের সোনাদীঘির মোড়ে এটি নির্মাণ করা হচ্ছে। কাজটি পেয়েছে বা নিয়েছে আওয়ামী লীগের সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। এ জন্য চুক্তি হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে।সেই চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, চুক্তি অনুসারে সিটি করপোরেশন পাবে ওই ভবনের মাত্র ২৫ শতাংশ আর এনা প্রপার্টিজ পাবে ৭৫ শতাংশ।প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, ভবনের অন্তত ৪০ শতাংশ সিটি করপোরেশন পেত। কিন্তু অদৃশ্য যোগসাজশে সিটি করপোরেশনের অংশীদারি কমানো হয়েছে। এই অসম অংশীদারি চুক্তির কারণে সিটি করপোরেশনের অন্তত ১০০ কোটি টাকা ক্ষতি হবে।তিন বছরের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে, ১৬ তলা ভবনের ভিত্তি নির্মাণই শেষ হয়নি। উদ্বোধনের ২২ মাস পর এনা প্রপার্টিজ এখন এ সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়ার চেষ্টা করছে। এ জন্য পাওয়ার অব অ্যাটর্নি চাইছে। আর সিটি করপোরেশন এতে আপত্তি তুলেছে। এ নিয়ে নতুন জটিলতার কারণে ভবনের কাজ আর এগোচ্ছে না। ভবন কবে হোক না হোক, ইতিমধ্যে দোকান বা ফ্লোর বিক্রি বাবদ অগ্রিম টাকা নিয়েছে এনা প্রপার্টিজ।জানতে চাইলে এনা প্রপার্টিজের স্বত্বাধিকারী সাংসদ এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘টেন্ডারের মাধ্যমেই কাজ পেয়েছি; প্রভাব দেখিয়ে নয়।’ তিনি বলেন, ভবনটির ৭৫ শতাংশের মালিক এনা প্রপার্টিজ। এসব সম্পত্তি বিক্রি করতে পাওয়ার অব অ্যাটর্নি লাগবে। চুক্তিতে পাওয়ার অব অ্যাটর্নি না থাকার বিষয়ে তিনি বলেন, ‘চুক্তিতে না থাকলেও ওটা আমার লাগবে। নইলে ফ্লোর বিক্রি হবে কীভাবে।’এদিকে সিটি সেন্টার নির্মাণের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সিটি করপোরেশনের এ জায়গার মার্কেট করতে হলে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে। কিন্তু প্রধানমন্ত্রীর অনুমোদন তো দূরের কথা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনও নেওয়া হয়নি।রাজশাহী সিটি কলেজের সাবেক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক বলেন, এ চুক্তির কারণে রাজশাহী সিটি করপোরেশন তথা রাজশাহীর নাগরিকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, রাজশাহীতে একটি বাড়ি করলেও ডেভেলপাররা বাড়ির মালিককে অন্তত ৪০ শতাংশ দিয়ে থাকে।রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ করায় এনা প্রপার্টিজ আর্থিক সংকটে পড়েছে। এ জন্য সিটি সেন্টারের জমি বন্ধক রেখে ঋণ নিতে পাওয়ার অব অ্যাটর্নি চেয়েছিল। কিন্তু চুক্তি অনুসারে সিটি করপোরেশন তা দিতে পারে না। নির্মাণ চুক্তির কারণে সিটি করপোরেশন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এর চেয়ে ভালো কোনো প্রস্তাব পাওয়া যায়নি।সিটি করপোরেশনের ক্ষতি অন্তত ১০০ কোটি টাকা: জানা গেছে, রাজশাহী শহরে বড় রাস্তার পাশে সর্বনিম্ন ৪০: ৬০ শতাংশ হারে ভবন তৈরি হচ্ছে। অর্থাৎ জমির মালিক পাবে ৪০ শতাংশ আর ভবন নির্মাণকারী পাবে ৬০ শতাংশ। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের ভবন নির্মাণের ক্ষেত্রে জমির মালিক সিটি করপোরেশনের অন্তত ৪০ শতাংশ অংশীদার হওয়া উচিত ছিল। যে চুক্তি হয়েছে, তাতে এনা প্রপার্টিজ শুধু অংশীদারি জিতেই ১০০ কোটি টাকা অতিরিক্ত লাভ করেছে।ঢাকা সিটি করপোরেশনও ৪০: ৬০ শতাংশ হারে এ ধরনের কাজ করছে বলে মেয়র সাদেক হোসেন প্রথম আলোকে জানিয়েছেন।রাজশাহী শহর রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রথম আলোকে বলেন, ঈদের পরে এ ব্যাপারে আন্দোলন গড়ে তোলা হবে। কারণ, সিটি করপোরেশন এ চুক্তির মাধ্যমে নগরবাসীর ক্ষতি করেছে।চুক্তি অনুযায়ী সিটি করপোরেশনের পুরোনো ভবনের স্থলে ১৬ তলা সিটি সেন্টার এবং তার পাশের সোনাদীঘির পাড়ে মসজিদ, ওয়াকওয়ে, আইটি লাইব্রেরি এবং দীঘির পাড়ের বর্তমান দোকানগুলোর পুনর্বাসন করার কথা রয়েছে। এখানে ছয় বিঘা জমি আছে। ৩৬ মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা। ২০০৯ সালের ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিটি সেন্টার নির্মাণকাজের উদ্বোধন হয়। এরপর ২২ মাস অতিবাহিত হয়েছে। ১৬ তলা ভবনের ভিত্তি নির্মাণই শেষ হয়নি।সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হক বলেন, পূর্বযোগ্যতা (প্রি-কোয়ালিফিকেশন) যাচাই করে আর্থিক যোগ্যতাসম্পন্নদের কাছ থেকেই শুধু দরপত্র চাওয়া হয়েছে। তারা কীভাবে কাজ করবে, সেটা তাদের ব্যাপার। দোকান বিক্রির জন্য পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার কথা চুক্তিতে নেই।সিটি সেন্টারের কাজের দরপত্র আহ্বান করা হলে শুধু সাংসদের প্রতিষ্ঠানটিই দরপত্র জমা দেয়। ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর সিটি করপোরেশনের সাধারণ সভায় এনা প্রপার্টিজকে এ কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়।জানা গেছে, সিটি সেন্টার ও স্বপ্নচূড়া প্লাজা নির্মাণের জন্য পূর্বযোগ্যতা আহ্বান করে ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি ইনকিলাব ও ১৭ ফেব্রুয়ারি ডেইলি স্টার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। দারুচিনি প্লাজার জন্য একই বিজ্ঞপ্তি দেওয়া হয় ওই বছরের ১২ মার্চের ইনকিলাব ও ১৪ মার্চের ডেইলি স্টারে। এর পরিপ্রেক্ষিতে আগ্রহী নয়টি প্রতিষ্ঠান প্রস্তাব পেশ করে।এগুলো হচ্ছে এবিসি লিমিটেড, এনা প্রপার্টিজ, মাহমুদ বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস, মনিকো লি., বিএবিএল-জেসি জেভি, কেইআই-ইএএল-জেভি, দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লি., শামসুজ্জামান-জেভি ও পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। মনোনীত হয় আটটি প্রতিষ্ঠান। এরপর দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সিটি সেন্টারের জন্য ছয়টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করলেও জমা দেয় শুধু এনা প্রপার্টিজ।এনা ছাড়া আর কোনো প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি কেন? এ প্রশ্নের ব্যাপারে দায়িত্বশীল ব্যক্তিরা কিছু বলতে চান না। তবে এবিসির প্রধান নির্বাহী অসীম কুমার জোয়ারদার প্রথম আলোকে বলেন, ‘শিডিউল কিনেছিলাম। কিন্তু পরে মনে হলো, এখানে কাজ করা সম্ভব হবে না। তাই শিডিউল জমা দিইনি।’পুনঃ দরপত্র আহ্বান করা হলো না কেন? এর উত্তরে রাজশাহী সিটি করপোরেশনের তৎকালীন প্রধান প্রকৌশলী সিরাজুম মনির তখন প্রথম আলোকে বলেছিলেন, একটি মাত্র দরপত্র পাওয়া গেছে। পরের বার যদি আর না পাওয়া যায়, সেই আশঙ্কায় পুনঃ দরপত্র আহ্বান করা হয়নি।নকশা নেই: গত ২২ মাসে রাজশাহী সিটি সেন্টারের ভিত্তি (বেসমেন্ট) নির্মাণের কাজ শুরু হলেও এখনো এর নকশা অনুমোদন হয়নি। এনা প্রপার্টিজ প্রস্তাবিত একটি নকশা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে জমা দেয়। কিন্তু সাত তলার বেশি হওয়ায় ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সিটি সেন্টারের স্থাপত্যিক নকশা ছাড়াও কাঠামো নকশার অনুমোদন লাগবে। স্থাপত্য নকশা করবেন একজন স্থপতি, আর কাঠামোর নকশা তৈরি করবেন একজন প্রকৌশলী। আরডিএ সূত্রে জানা গেছে, এনা প্রপার্টিজের সঙ্গে ১৬ তলার চুক্তি হলেও নকশা জমা দেওয়া হয়েছে ১৮ তলার। কাঠামো নকশা জমা দেওয়া হয়নি। জমা দেওয়া নকশায় জরুরি নির্গমন পথ নেই। অগ্নিনির্বাপক দপ্তরের অনাপত্তি নেই। নেই বাংলাদেশ সিভিল এভিয়েশনের অনুমতিপত্র। ফলে আরডিএ এ নকশা অনুমোদন করছে না।কিন্তু নকশা অনুমোদন ছাড়াই অনেকটা গায়ের জোরে নির্মাণকাজ শুরু করা হয়েছে।জানতে চাইলে আরডিএর অথরাইজ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সিটি করপোরেশনের জমা দেওয়া নকশার ত্রুটিগুলো সংশোধন করে দেওয়ার জন্য তিনি গত বছর ১৫ মার্চ ও ১৫ জুলাই দুটি চিঠি দিয়েছেন। কিন্তু এনার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তিনি বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সিটি সেন্টারের নকশা তৈরি করা হয়নি। এ জন্য ভবনগুলোর নকশা অনুমোদন করা সম্ভব হয়নি। তবে নকশা অনুমোদন ছাড়াই নির্মাণকাজ করা হলে নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ স্থাপনা ভেঙে দিতে পারে অথবা জরিমানা করতে পারে।বাণিজ্যিক ভবন দুটিরও নকশা অনুমোদন হয়নি: সিটি করপোরেশনের অপর দুটি বাণিজ্যিক ভবন আটতলার দারুচিনি ও স্বপ্নচূড়ার নকশাও এখনো অনুমোদিত হয়নি।৬৭ দশমিক ৫ কাঠা জমির ওপর নিউমার্কেটের কাঁচাবাজার এলাকায় দারুচিনি প্লাজা এবং নতুন সিটি ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে ৩১ কাঠা জমিতে আটতলাবিশিষ্ট স্বপ্নচূড়া প্লাজা নির্মাণ করা হচ্ছে। শামসুজ্জামান জেভি নামের অপর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভবন দুটির নির্মাণকাজ চলছে। এই নির্মাতা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শামসুজ্জামান আওয়াল রাজশাহী সিটি করপোরেশনে মেয়রের ব্যবসায়িক অংশীদার। জানা গেছে, এই ভবন দুটির নকশা অনুমোদনের জন্য আরডিএতে জমা দেওয়া হয়েছে। কিন্তু নগরের কোন মৌজায়, কোন দাগের ওপরে ভবন দুটি নির্মিত হবে, তা উল্লেখ করা হয়নি। বলা হয়নি জমির পরিমাণও।জানতে চাইলে আরডিএর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সিটি করপোরেশনের নকশার ত্রুটিগুলো সংশোধন করতে গত বছরের ১৫ মার্চ ও ১৫ জুলাই দুটি চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া মেলেনি।