সাংসদের সিএনজি স্টেশনে সন্ত্রাসীদের গুলি, আনসার নিহত
রাজধানীর গেন্ডারিয়া থানাধীন মীর হাজিরবাগে গতকাল সোমবার একটি সিএনজি ফিলিং স্টেশনে সন্ত্রাসীদের গুলিতে আনসারের এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম সাইদুর রহমান (২২)। তিনি সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।৪০১/সি মীর হাজিরবাগের সিটি ওভারসিজ সিএনজি ফিলিং স্টেশন নামের ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুন্সিগঞ্জ-১ আসনের সরকারদলীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। কর্তৃপক্ষের দাবি, ডাকাত শহীদের নামে চাঁদা চেয়ে ফোন এসেছিল। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই সিএনজি ফিলিং স্টেশনের কর্মী মামুনুর রশীদ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, বেলা পৌনে তিনটার দিকে ছয়-সাতজন তরুণ হেঁটে হেঁটে গুলি ছুড়তে ছুড়তে ১ নম্বর ফটক দিয়ে ফিলিং স্টেশনে ঢোকে। ওই পালায় নিরাপত্তার দায়িত্বে থাকা চার আনসার সদস্যের মধ্যে সাইদুর এ সময় চত্বরে ও তিনজন ভেতরে ছিলেন। সাইদুর অস্ত্র তাক করার আগেই তাঁর পাঁজরের বাঁ পাশে, বাঁ পা ও ডান হাতে গুলি লাগে। গুলি করতে করতেই সন্ত্রাসীরা ২ নম্বর ফটক দিয়ে বেরিয়ে যায়।মামুনুর রশীদ আরও বলেন, ওই সময় গ্যাস ভরার জন্য অন্তত ২০টি গাড়ি সেখানে ছিল। গুলির শব্দে এসব গাড়ির চালক ও আরোহীরা যে যেখানে পারেন শুয়ে পড়েন। তিন-চার মিনিটে ঘটনাটি ঘটে। সাইদুরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সাইদুরের গ্রামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিমবাড়িয়ায়। তাঁর বাবার নাম নুরুল আমিন। তাঁরা তিন ভাই ও এক বোন। সাইদুর আট মাস আগে আনসারে যোগ দিয়েছিলেন।সিটি ওভারসিজ সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আরজু আহমেদ জানান, মে মাসে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে ডাকাত শহীদ পরিচয়ে ফোন আসে। ফোনকারী ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি চেয়ারম্যান তাঁর বাসস্থান ধানমন্ডি থানা এলাকায় হওয়ায় ওই থানায় সঙ্গে সঙ্গে জানান। ওই ফোনের পর গত মাসেই ফিলিং স্টেশনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিষয়টি সিএনজি স্টেশনের মালিকদের সংগঠনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও জানানো হয়েছে। সিএনজি স্টেশনের নিরাপত্তায় প্রতি পালায় চারজন করে ১২ জন আনসার সদস্য ছিলেন।ব্যবস্থাপক আরও বলেন, সন্ত্রাসীরা কিছু লুট করেনি। এতে মনে হয়েছে, এটা ডাকাতির উদ্দেশ্যে হামলা নয়।তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ফিলিং স্টেশনের মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে। বিষয়টি আগেই পুলিশকে জানানো হয়েছিল। সে জন্য সেখানে পুলিশও মোতায়েন করা হয়েছিল।এ বিষয়ে জানতে চাইলে ওই সিএনজি ফিলিং স্টেশনের এমডি ও সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ প্রথম আলোকে বলেন, পারিবারিকভাবে তিনি ও তাঁর বন্ধু সিরাজুল ইসলাম এ প্রতিষ্ঠানের মালিক। তাঁরা ৩৫ বছর একসঙ্গে ব্যবসা করছেন। মালিকানা নিয়ে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই। এটা সম্পূর্ণ সন্ত্রাসী ঘটনা। এর আগে দুই দফা হামলা হয়েছে। চাঁদা দাবির বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল।ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ওই ফিলিং স্টেশনের ১২ জন আনসারের কাছে আটটি অস্ত্র ছিল। মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে স্টেশনটির নিরাপত্তায় সেখানে আগে পুলিশও ছিল। রোববারের হরতালের পর থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে।