সাংসদের ‘গাড়িবহর’ থেকে অস্ত্র ও গুলিসহ যুবলীগের ৫ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে আওয়ামী লীগদলীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের ‘গাড়িবহরে’ থাকা একটি প্রাইভেট কার থেকে অবৈধ অস্ত্র-গুলি, টাকাসহ উপজেলা যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে র্যাব। তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, শাটার গান, পিস্তলের চারটি গুলি ও ম্যাগাজিন এবং এক লাখ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।আটক নেতা-কর্মীরা হলেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (৪০), যুবলীগের কর্মী বেনাপোলের বড় আঁচড়া গ্রামের বাবলু রহমান (৩৫), শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের জাকির হোসেন (৩০), রুহুল আমিন (৩৫) ও সাইফুল ইসলাম (২৮)।যশোরে র্যাব-৬-এর এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, সাংসদ শেখ আফিল উদ্দীনের গাড়িবহরে সাত-আটটি গাড়ি ছিল। শেষ গাড়িটি ছিল সোহরাব হোসেনের। গাড়ির মধ্যে সোহরাব হোসেনের ড্রাইভিং লাইসেন্সও পাওয়া গেছে। তাঁরা পৌর নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সাংসদের সঙ্গে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী প্রাইভেট কার থেকে এক লাখ ৭২ হাজার টাকা ও বেনাপোল পৌরসভার আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আশরাফুল ইসলামের শতাধিক নির্বাচনী পোস্টার জব্দ করা হয়েছে।যশোরে র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার তারিক আজিজ প্রথম আলোকে বলেন, একটি সাদা প্রাইভেট কারে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে শার্শা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সাংসদের গাড়িবহরে অভিযান চালানো হয়। আটকের পর অস্ত্রসহ ওই পাঁচজনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল রাত সাড়ে আটটায় শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, র্যাব অস্ত্রসহ আটক পাঁচজনকে থানায় হস্তান্তর করেছে। অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হবে।সাংসদের গাড়িবহরে থাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেনাপোল পৌরসভার আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সদস্য। আর সোহরাব হোসেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তাই নির্বাচনে বেনাপোলে যুবলীগের কর্মীদের সংগঠিত করার দায়িত্ব ছিল সোহরাবের ওপর। সোহরাব এমপি সাহেবের সঙ্গে বেনাপোলে যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। যুবলীগের কয়েকজন কর্মী মোটরসাইকেল না পেয়ে সোহরাবের গাড়িতে ওঠেন। মূলত ওই অস্ত্র তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের আটকের অন্তত আধা ঘণ্টা আগে এমপি সাহেব বেনাপোলে চলে যান।’ আটক নেতা-কর্মীরা সাংসদের গাড়িবহরে ছিলেন না বলে তিনি দাবি করেন।এ ব্যাপারে সাংসদ শেখ আফিল উদ্দীন বলেন, ‘আমি তাদের (যুবলীগের আটক নেতা-কর্মী) দেখিনি। তারা আমার সঙ্গে ছিল না। আমার কোনো বহর-টহরও ছিল না।’বোমাসদৃশ জর্দার কৌটা উদ্ধারযশোর শহরের শংকরপুর চোবদারপাড়া সড়কে নর্দমা ও লোন অফিসপাড়ার সম্মিলনী ইনস্টিটিউশনের পাশ থেকে গতকাল দুপুরে বোমাসদৃশ আটটি জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, যশোর পৌরসভার একটি ভোটকেন্দ্র সম্মিলনী ইনস্টিটিউশন। ধারণা করা হচ্ছে, কোনো বিশেষ মহল নির্বাচনের আগে আতঙ্ক সৃষ্টির জন্য এগুলো সেখানে রাখতে পারে।