সাংসদেরা নিয়োগ-বদলিসংক্রান্ত বিষয়ে অনৈতিক কিছু করলে সরকারকে দায়িত্ব নিয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। একই সঙ্গে নিয়োগ-বদলিসংক্রান্ত সাম্প্রতিক বিষয়গুলো খতিয়ে দেখার জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি করে দেওয়ারও পরামর্শ দেন স্পিকার। গতকাল রোববার রাতে সংসদে সরকারি দলের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া পয়েন্ট অব অর্ডারে কুমিল্লার সিভিল সার্জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বক্তব্য দিলে স্পিকার এসব কথা বলেন। স্পিকার বলেন, ‘নিয়োগ নিয়ে পত্রপত্রিকায় নানা লেখালেখি হচ্ছে। কোনটা সঠিক বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘সাংসদদের অনেকে আমাকে বলছেন, তাঁরা কোনো সুপারিশ করলে কাজ হচ্ছে না। আবার পত্রপত্রিকায় সাংসদদের নিয়ে নেতিবাচক লেখালেখি হচ্ছে। কোথায় যে কী হচ্ছে, তা বুঝতে পারছি না। আল্লাহ জানে, আসলে কী হচ্ছে।’ আবদুল হামিদ আরও বলেন, সরকারি কর্মকর্তারাও সংবাদ সম্মেলন করছেন। এটা আইনসিদ্ধ কি না, সেটাও ভেবে দেখা দরকার। সত্যটা কী, তা খুঁজে বের করার জন্য সরকারের উচিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করা। তিনি বলেন, তদন্তে সাংসদের বিরুদ্ধে অনৈতিক কিছু পাওয়া গেলে সরকারকে দায়িত্ব নিয়েই ব্যবস্থা নিতে হবে। অন্য কারও কারণে এসব আলোচনা হলে সেটাও বের করতে হবে। দলীয় নেতা হলেও ব্যবস্থা নিতে হবে। দলীয় ও সরকারি উভয়ভাবেই ব্যবস্থা নিতে হবে। এ কথা বলেই স্পিকার সংসদের বৈঠক আজ সোমবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করেন।