দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলায় সহিংসতা: ১১ দিনেও সাংসদেরা এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াননি
সাংসদেরা জামায়াত-বিএনপির, নিষ্ক্রিয় ছিল আ.লীগ, প্রশাসন
চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে মাত্র তিনটিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা সহিংসতার ঘটনা ঘটেছিল। এর মধ্যে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ চট্টগ্রাম নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম। আর বাঁশখালী উপজেলা নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। গতকাল পর্যন্ত ১১ দিনেও এই দুই সাংসদ এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াননি।জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের রায় নিয়ে জামায়াত-শিবির কী প্রতিক্রিয়া দেখাবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও প্রশাসনের কোনো পূর্বপ্রস্তুতির প্রমাণ পাওয়া গেল না। প্রশাসন ছিল সাধারণ সময়ের মতো ঢিলেঢালা। সতর্ক ছিল না স্থানীয় আওয়ামী লীগও। দলের কেন্দ্রীয় পর্যায় থেকেও স্থানীয় ইউনিটগুলোর জন্য কোনো করণীয় নির্দেশিত ছিল না। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন স্বীকার করেন, বিশেষ নজর দিয়ে এই তিন উপজেলার বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আগে থেকে সেভাবে যোগাযোগ হয়নি। তিনি বলেন, ‘প্রথম দিনের ঘটনার পর বাঁশখালীতে প্রশাসনের পাশাপাশি আমাদের লোকজন প্রতিরোধে এগিয়ে আসে। সাতকানিয়া ও লোহাগাড়ায় আমাদের সাংগঠনিক শক্তি কিছুটা কম। সেখানে প্রতিরোধ সম্ভব হয়নি।’ গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৫টি আসনের মধ্যে তিনটিতে বিএনপি ও একটিতে জামায়াত জয়ী হয়। বাকি ১১টির মধ্যে জাতীয় পার্টি ও জাসদ একটি করে এবং আওয়ামী লীগ বাকি নয়টিতে জয়ী হয়। বিএনপির অন্য দুটি আসন হচ্ছে ফটিকছড়ি ও সন্দ্বীপ। এসব এলাকায় জামায়াত-শিবির এই দফায় তাণ্ডব চালায়নি।২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে লোহাগাড়া, সাতকানিয়া ও বাঁশখালীতে ভাঙচুর, অগ্নিসংযোগ, মার্কেট, দোকানপাট, হাসপাতাল, মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। টানা ছয় দিন দক্ষিণ চট্টগ্রামের এই তিন উপজেলা কার্যত জেলা থেকে বিচ্ছিন্ন ছিল। সেই সঙ্গে বিচ্ছিন্ন ছিল কক্সবাজার ও বান্দরবান। সহিংসতায় লোহাগাড়ায় পুলিশসহ দুজন, সাতকানিয়ায় তিনজন ও বাঁশখালীতে একজন নিহত হন। এঁদের মধ্যে একজন সংখ্যালঘু জামায়াত-শিবিরের নৃশংসতার শিকার হন। বাকি চারজন শিবিরের কর্মী বলে জামায়াত-শিবির দাবি করেছে। সাংসদেরা নীরব: স্মরণকালের এই ভয়াবহ তাণ্ডবের পরও সংশ্লিষ্ট দুই সাংসদ এলাকায় যাননি। বরং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতায় দলীয় কিছু নেতার ইন্ধন ও উসকানির অভিযোগও রয়েছে। সাতকানিয়ায় জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী প্রকাশ্যে সমাবেশ করে লোকজনকে সহিংসতায় উসকে দেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। গত শনিবার বাঁশখালী সফর করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, ঘটনার এত দিন পরও স্থানীয় সাংসদ এলাকায় না যাওয়া প্রশ্নের উদ্রেক করে। সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ নগর জামায়াতের আমির শামসুল ইসলামকে চট্টগ্রাম শহরে দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছে। কিন্তু তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকায় সাধারণ মানুষের জন্য কোনো ভূমিকাই রাখেননি। গত বুধবার বাঁশখালী অদ্বৈতানন্দ ঋষিধামে গিয়ে দেখা যায় এখনো সেখানে তাণ্ডবের চিহ্ন। ধামের দায়িত্বরত কমলানন্দ পুরি মহারাজ বলেন, ‘আমাদের এখানে এখনো সাংসদ মহোদয় আসেননি।’ একইভাবে পুড়ে যাওয়া বসতঘর কিংবা ক্ষতিগ্রস্ত উপজেলা ভবন ও আদালত ভবনেও বুধবার দুপুর পর্যন্ত সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর পা পড়েনি।আওয়ামী লীগের নেতা মোছলেম উদ্দিন দাবি করেন, ‘বিএনপির ছত্রচ্ছায়ায় জামায়াত এই তাণ্ডব চালিয়েছে। বিএনপি ও জামায়াতের সাংসদেরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় যাননি। তার মানে কী? সহিংসতায় তারা জড়িত।’ জাফরুল ইসলাম এই তাণ্ডবে বিএনপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সব সময় খোঁজখবর রাখছি। বিএনপি কখনো সাম্প্রদায়িক ও ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না।’আওয়ামী লীগের প্রস্তুতি ছিল না: আওয়ামী লীগকে কাগজে-কলমে জনসম্পৃক্ত দল বলা হলেও এই ঘটনার বিষয়ে তারা দলের তৃণমূল পর্যায় থেকে কোনো আগাম তথ্য পায়নি। স্বাভাবিক সাংগঠনিক সক্রিয়তাও দলটির ছিল না। সাঈদীর রায়ের সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে তারা প্রশাসনের সঙ্গেও কোনো যোগাযোগ রক্ষা করেনি।বাঁশখালীর একাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাম প্রকাশ না করে বলেন, যদি আওয়ামী লীগ আগে থেকে প্রতিরোধ গড়ে তুলত, তাহলে এত ধ্বংসযজ্ঞ হতো না। ঘটনার চার-পাঁচ দিন পরও তেমন জোরালো কোনো মিছিল-সমাবেশ হয়নি। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান থাকেন চট্টগ্রাম শহরে। সাধারণ সম্পাদক আবদুল গফুরের বাসাও শহরে। তবে তিনি চাকরি করেন বাঁশখালীতে। ২ মার্চ আওয়ামী লীগ উপজেলা সদরে একটি ছোট মিছিল করে। ওই দিন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ক্ষতিগ্রস্ত উপজেলা সদর পরিদর্শন করেন। ওই দিনও দক্ষিণ বাঁশখালীতে তাণ্ডব চালায় জামায়াত-শিবির। তারা সেখানে সেতু ভেঙে দেয়। সংখ্যালঘুদের দোকানে হামলা করে। নাপোড়ায় ভেঙে দেওয়া সেতুটি মেরামতে বারবার জামায়াত বাধাও দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা সংগঠিত ছিলাম না। আর আমরা ভাবিনি পুলিশ এটা সামাল দিতে ব্যর্থ হবে। ঘটনার পর থেকে আমরা প্রতিদিন মিছিল করেছি।’ বাঁশখালী পৌর এলাকায় এত ক্ষতি হলেও আওয়ামী লীগ-সমর্থিত মেয়র শেখ ফখরুদ্দিন এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় যাননি। এমনকি আওয়ামী লীগের সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরীও বাঁশখালীতে যাননি। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত একজন দোকানি বলেন, ‘কোনো নেতা কিংবা মেয়রও যদি দাঁড়িয়ে যেতেন, তাহলে হয়তো আমরাও প্রতিরোধে নেমে পড়ার সাহস পেতাম।’সাতকানিয়া ও লোহাগাড়ায় আওয়ামী লীগ গত মঙ্গলবার থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। তারা মিছিল করেছে। এই দুই উপজেলায় দলের কমিটি থাকলেও দুই সভাপতিই চট্টগ্রাম শহরে থাকেন। ফলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে নিয়ে তাঁরা সমন্বিত কোনো পদক্ষেপ নিতে পারেননি। ফলে খালি মাঠে জামায়াত-শিবির সাতকানিয়ার চরতি, কাঞ্চনা, হাসমতের দোকান, আনু মাঝির দোকান, কেরানিহাটে ব্যাপক তাণ্ডব চালায়। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম বলেন, ‘আমরা প্রথম থেকে যদি মাঠে নামতাম তাহলে সংঘাত বাড়ত। এখন আমরা সক্রিয় রয়েছি।’ সাতকানিয়ার বাসিন্দা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম বলেন, ‘প্রথম দিকের তাণ্ডবে আমাদের নেতা-কর্মীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। এত ধ্বংসযজ্ঞ চালাবে বলে আমাদের ধারণা ছিল না। তবে ক্ষতিগ্রস্ত লোকজন নিয়ে আমরা পরে প্রতিরোধ গড়েছি। স্থানীয় লোকজন রাস্তাঘাট থেকে অবরোধ তুলেছে।’ একইভাবে জামায়াত-অধ্যুষিত লোহাগাড়ায় কোনো রকম প্রতিরোধ ছাড়াই হাসপাতাল, ব্র্যাক কার্যালয়, বিপণিবিতান, বন বিভাগে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে জামায়াত-শিবির।প্রশাসনিক সমন্বয়হীনতা: বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়ায় সহিংসতার আশঙ্কা থেকে জরুরিভাবে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক ডেকে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সমন্বয়হীনতার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী উপজেলা সদরে যখন হামলা হচ্ছে তখন ওসিসহ থানার সব পুলিশ প্রধান থানা ভবনের ফটক লাগিয়ে ভেতরে অবস্থান নেন। তাঁরা প্রতিরোধের চেষ্টাও করেননি। কোনো গুলিও ছোড়েননি। ঘটনার আগের দিন বিভিন্ন থানার ওসি অতিরিক্ত ফোর্স ও সরঞ্জাম চাইলেও বাঁশখালীর ওসি তা চাননি বলে জানা গেছে। সাতকানিয়া ও লোহাগাড়ায় আগে থেকে ২০ জন করে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা মোছলেম উদ্দিন বাঁশখালীর ওসি আবদুস সবুরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওসি আবদুস সবুর বলেন, ‘আমার ৩০ জন ফোর্স ছিল। তারা হাজার হাজার লোক। আমাদের ওপর তারা হামলা করছে। কী করব।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করেছি, এখানে তেমন কিছু হবে না।’ সভা করে বা প্রশাসনের বিভিন্ন স্তরে আগাম আলোচনা করে প্রস্তুতি না নেওয়ার কথা স্বীকার করে ইউএনও সাব্বির আলম বলেন, ‘আমি আমার সাধ্যের অতিরিক্ত চেষ্টা করেছি। পর্যাপ্ত পুলিশ এখানে ছিল না।’ তবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান অভিযোগ করেন, ‘সাতকানিয়ার ওসি জামায়াতকে আশ্রয় দিচ্ছেন। উনি যদি তৎপর হতেন এবং আগে থেকে প্রস্তুতি নিতেন তাহলে এত বড় ঘটনা ঘটত না।’ সাতকানিয়ার ওসি মো. ইসমাইল বলেন, ‘আমরা মরে যাই, এটা কি আমরা চাইব? সাধ্যমতো চেষ্টা করেছি। যদি গুলি চালাতাম কয়েক শ লোক মারা যেত।’ তিনি বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগও আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’