স্থানীয় সাংসদদের উপজেলা পরিষদের উপদেষ্টা রেখেই উপজেলা পরিষদ (সংশোধন) আইন-২০১১ আজ মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে। পাস হওয়া আইন অনুসারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন। তবে পরিষদে নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকবে উপজেলা চেয়ারম্যানের হাতে।এসব বিধান রেখে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১১ সংসদে উত্থাপন করেন। কোনো সাংসদ বিলটির ওপর জনমত যাচাই কিংবা কোনো ধরনের সংশোধনী প্রস্তাব না আনায় পাঁচ মিনিটের মধ্যে বিলটি পাস হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিরোধী দলের কোনো সদস্য এ সময় উপস্থিত ছিলেন না।এর আগে গত বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটি যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন জমা দেয়। কমিটির সভাপতি রহমত আলী দেশের বাইরে থাকায় কমিটির সদস্য নূর-ই আলম চৌধুরী প্রতিবেদন উপস্থাপন করেন।আইনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের উল্লেখযোগ্য দাবিগুলো আমলে নেওয়া হয়নি। ২৫ ধারার বিধান অনুযায়ী, সাংসদ উপজেলা পরিষদের উপদেষ্টা থাকছেন এবং পরিষদ তাঁর পরামর্শ গ্রহণ করবে। এ ধারটি নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ব্যাপক আপত্তি ছিল।আইনের ৩৩ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, ইউএনও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন। তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। বিদ্যমান আইনের এ ধারায় বলা আছে, ইউএনও উপজেলা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।আইনের ২৬ ধারা অনুসারে, পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের ওপর ন্যস্ত থাকবে। তবে পরিষদ নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার জন্য ভাইস চেয়ারম্যান বা অন্য কোনো কর্মকর্তাকে দায়িত্ব দিতে পারবেন। বিদ্যমান আইনে নির্বাহী ক্ষমতা পরিষদের ওপর ন্যস্ত রয়েছে।আইনে উপজেলায় ইস্যুভিত্তিক ১২টি কমিটি থেকে বাড়িয়ে ১৭টি করার বিধান এবং নতুন করে বন ও পরিবেশ, মুক্তিযোদ্ধা, মাধ্যমিক ও মাদ্রাসা, সংস্কৃতি এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটি গঠনের বিধান যুক্ত হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিকে নিয়ে গঠিত এ কমিটিগুলোর প্রধান হবেন নির্বাচিত ভাইস চেয়ারম্যানরা।