সাংস্কৃতিক আগ্রাসন রোধে ১১ দফা
অপসংস্কৃতি প্রতিরোধ এবং চলচ্চিত্রশিল্পের সংকট মোকাবিলায় ১১ দফা দাবি জানিয়েছে সচেতন নাগরিক জোট। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এসব দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সংস্কৃতির ওপর বিদেশি অপসংস্কৃতির আগ্রাসন বন্ধ করতে হবে। দুই দশক ধরে চলচ্চিত্রশিল্পকে স্যাটেলাইট চ্যানেলের মোকাবিলা করতে হয়েছে। টেলিভিশনের দাপটে দেশি সিনেমা হারিয়েছে মধ্যবিত্ত শ্রেণীর দর্শক। আর এখন ভারতীয় বাজারি ছবি দেশীয় চলচ্চিত্রকে দাঁড় করিয়েছে উৎখাতের মুখে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।সমাবেশে বক্তব্য দেন ভাষাসৈনিক ও রবীন্দ্রগবেষক আহমদ রফিক, সুশাসনের জন্য নাগরিকের সভাপতি বদিউল আলম মজুমদার, নারীনেত্রী ফরিদা আক্তার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, মোরশেদুল ইসলাম, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সংগীতশিল্পী মনির খান, প্রকৌশলী এনামুল হক প্রমুখ। এ ছাড়া ৩৪০ জন পরিচালক এ আন্দোলনে সংহতি প্রকাশ করেন।