সাংস্কৃতিক উৎসবে ‘সার্কাস সার্কাস’ ও ‘লাল জমিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজায় কড়া নাড়ছে শীত। আবহমানকাল থেকে বাংলায় ঋতুতে ঋতুতে প্রকৃতির রূপ বদলের যে অপার বৈচিত্র্য, এই কৃত্রিম মহানগরেও তার প্রকাশ নানাভাবে রয়েছে। যেমন শীতে জমে ওঠে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। এবারও এর ব্যতিক্রম হয়নি। শীত আর গৌরবের মাস ডিসেম্বর ঘিরে এখন দারুণ জমে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে চলছে মাসব্যাপী অনুষ্ঠানমালা। মহাকাল নাট্যসম্প্রদায়ের আয়োজনে দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণ নিয়ে জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটারে চলছে মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক উৎসব। একাডেমীর মাসব্যাপী অনুষ্ঠানমালায় গতকাল রোববার ছিল চলচ্চিত্র প্রদর্শনী। আর মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গতকাল জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের সার্কাস সার্কাস ও পরীক্ষণ থিয়েটারে শূন্যনের নাটক লাল জমিন। দুটি বাস্তব ঘটনার প্রেক্ষাপট নিয়ে সার্কাস সার্কাস নাটকটির আখ্যান। দি গ্রেট বেঙ্গল সার্কাসের এককালে নামডাক ছিল প্রতিষ্ঠাতা লক্ষ্মণ দাসের কারণে। তাঁর ভাই সাধন দাস এখন বহু কষ্টে দলটিকে চালিয়ে নিচ্ছেন। নাটকটির শুরুতে কিছু মৌলবাদী সংগঠন সার্কাস প্রদর্শনে বাদ সাধে ধর্মের সামাজিকতার দোহাই দিয়ে। সাধন দাস বিপাকে পড়ে যান। মুখোমুখি হয়ে যায় দুটি পক্ষ। এক দিন দলের একজন কর্মী নিখোঁজ হন। সুযোগ বুঝে মুসলিম মৌলবাদী সংগঠনটি গভীর রাতে হামলা চালায় সার্কাস দলে। আগুন ধরিয়ে দেয় প্যান্ডেলে।