একুশে ফেব্রুয়ারি সামনে রেখে ‘বুকের খুনে যুদ্ধজারি অমর একুশে ফেব্রুয়ারি’ স্লোগান নিয়ে ১৪ দিনের কর্মসূচি শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান।গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এক মিনিট নীরবতা পালন করেন। এরপর জাতীয় সংগীত এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। ঘোষণাপত্র পাঠ করেন রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সহসভাপতি গোলাম কুদ্দুছ, কবি মুহাম্মদ সামাদ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানে ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি আবৃত্তি করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। সাংস্কৃতিক দল ক্রান্তির সংগীত পরিবেশনের পর রসু খাঁ এবং আমি নাটকটি পরিবেশন করে সাত্ত্বিক নাট্যসম্প্রদায়।১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এরপর ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে অনুষ্ঠান স্থানান্তরিত হবে।গান ও আবৃত্তির অ্যালবামকবিগুরু রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বেরিয়েছে রবীন্দ্রসংগীত ও আবৃত্তির জোড়া অ্যালবাম সার্থক জনম আমার ও জননী বসুন্ধরা। গতকাল বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘর মঞ্চে এক মলাটে দুটি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মুহাম্মদ হাবিবুর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রমুখ। এই সিডিতে গান করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাদি মহম্মদ এবং আবৃত্তি করেছেন ইকবাল বাহার চৌধুরী। অ্যালবামটি বেরিয়েছে কান্ট্রি মিউজিক থেকে।‘মুক্তিযুদ্ধের ইতিহাস’-এর মোড়ক উন্মোচনপ্রকাশিত হলো এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের লেখা মুক্তিযুদ্ধবিষয়ক বই মুক্তিযুদ্ধের ইতিহাস। গতকাল বুধবার এটিএন বাংলার স্টুডিওতে বইটির মোড়ক খোলা হয়।বইটিতে বায়ান্নর মহান ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, সাতই মার্চের ভাষণ, একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা, বর্বরতা, গণহত্যা, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন, জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী জনমত গড়ার প্রচেষ্টাসহ নানা তথ্য স্থান পেয়েছে।বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ। ডিভিডিসহ বইটি একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, কবি সৈয়দ শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, এম এম আকাশ প্রমুখ।স্বরকল্পনের ১৬ বছরস্বরকল্পন আবৃত্তিচক্র ১৬ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে (টিএসসি) তিন দিনব্যাপী আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।কাজলের চিত্র প্রদর্শনীআজ থেকে বেঙ্গল শিল্পালয়ে সত্তর দশকের শিল্পী রুহুল আমিন কাজলের নির্বাচিত চিত্রকর্ম নিয়ে ‘জীবন দর্শন’ শীর্ষক একক প্রদর্শনী হবে। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শিল্পী রফিকুন নবী।