সাংস্কৃতিক দেউলিয়াত্ব না নবযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতচল্লিশে দেশভাগের সময় এই ভূখণ্ডের অধিকাংশ মানুষ ছিলেন গ্রামীণ কৃষিজীবী—সরল সাদাসিধে তাদের জীবন। আর এ ভূখণ্ডের অধিকাংশই পদ্মা-মেঘনা-যমুনার অববাহিকা, নরম পলিমাটির তৈরি—উর্বর, ভঙ্গুর, অস্থির। কৃষি ও উর্বর ভূমির কারণে মানুষের জীবন প্রকৃতিসংলগ্ন, এ সংযোগ প্রাথমিক ও প্রত্যক্ষ এবং অনেকটাই আদিম। একদিকে উর্বরতা, আরেকদিকে অস্থিরতা—প্রকৃতির কোলে লালিত সরল মানুষের মানসকে দিয়েছে ভাবুকতা, যা বিশ্বাস ও ভক্তিরসে মিলে তৈরি করেছে তার আধ্যাত্মিকতা। সেখানে জীবনের অনিশ্চয়তা ও অনিত্যতা কখনো বেদনা কখনো বা বিস্ময় হয়ে ভাবের রসে প্রকাশ পেয়েছে। হিন্দু-মুসলিম মিলেমিশেই গ্রামবাংলার এই ভাবসম্পদ তৈরি হয়েছিল, যা কালে কালে কখনো চর্যাপদে, কখনো পদাবলির সুরে, কখনো বাউলের গানে, কখনো তা মারফতি মুর্শিদীতে প্রকাশ পেয়েছে। এ ধারার শ্রেষ্ঠ প্রতিনিধি ফকির লালন শাহ।ইতিহাস এক ধারায় চলেনি। নাগরিক শিক্ষিত আধুনিক বাঙালির বিকাশ শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে কলকাতায়। এটা সীমাবদ্ধ ছিল হিন্দুসম্প্রদায়ের মধ্যে। সেই থেকে দুটি ঘটনা ঘটল—ধর্মীয় জাগরণ ও জাতীয় জাগরণে যেমন, তেমনি শিক্ষা, ক্ষমতা ও বিত্তে হিন্দু ছাড়িয়ে গেল প্রতিবেশী মুসলমানকে। দুই সম্প্রদায়ের স্বার্থ পৃথক হয়ে গেল। দ্বিতীয়ত, উভয় সম্প্রদায়েই পৃথকভাবে আত্মপরিচয়ের পুনরুজ্জীবনের চেতনা বেশ বেগবান হতে থাকল। সেটা দিনে দিনে ঘটনা-দুর্ঘটনায় কেবল বেড়েছে এবং শেষ পর্যন্ত বাঙালি মুসলমানকে পাকিস্তান আন্দোলনে শরিক হওয়ার প্রেরণা দিল। বিপরীতে পূর্ববঙ্গের শিক্ষিতসম্পন্ন নাগরিক হিন্দু সদলবলে দেশ ত্যাগ করে ভারতে পাড়ি দিল।এদিকেও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভারতে না থেকে পাকিস্তানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল ভূমিকা ছিল শিক্ষিত নাগরিক মুসলমানের। বস্তুতপক্ষে শিক্ষিত নাগরিক হিন্দু ও শিক্ষিত নাগরিক মুসলমান পরস্পরের কাছ থেকে দূরে সরে যাওয়ায়, পরস্পরের প্রতি আস্থা হারিয়ে সন্দেহপ্রবণ হয়ে ওঠায় ভারত-ভাগ ও বাংলা-ভাগের মতো অঘটন ঘটে গেল। গ্রামীণ সরল হিন্দু-মুসলমানের সামর্থ্য ছিল না এ বিরোধ ও দূরত্ব ঠেকায়, বরং এদের প্ররোচনায় তারাই অনেক সময় সাম্প্রদায়িক ও অমানবিক হয়েছে।বাঙালি মুসলমানকে ভুল সংশোধনের সুযোগ এনে দিলেন খোদ পাকিস্তানের স্রষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ। নবলব্ধ রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে একমাত্র উর্দুকেই নির্বাচন করে জিন্নাহ অনড় অবস্থান গ্রহণ করে বাঙালির অস্তিত্বেই হাত দিয়েছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার আগে থেকে এবং স্বাধীনতার পরে বেশ কিছুকাল একশ্রেণীর বাঙালি মুসলমান জবরদস্তি মুসলমানি বাংলা তৈরির চেষ্টা চালিয়েছেন। এর বিপরীতে বাঙালি হিসেবে আত্মপরিচয় তুলে ধরায় সংস্কৃতির শেকড় সন্ধানে আগ্রহী হয়ে উঠেছিল আরেকটি অংশ। প্রথম পর্যায়ে রাষ্ট্রভাষা বাংলার আন্দোলনে মুসলিম জাতীয়তাবাদীদের একটি অংশও সক্রিয় ছিল। তবে পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রের উর্দুভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তানি কৃষ্টি ও তমদ্দুন সৃষ্টির নামে বাঙালি সংস্কৃতিবিরোধী তৎপরতা শিক্ষিত বাঙালির একটি বড় অংশকে সন্দিগ্ধ ও বীতশ্রদ্ধ করে তুলেছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর ওপর। তাই বলে পাকিস্তানের ষড়যন্ত্র থেমে থাকেনি, কখনো আরবি হরফে, কখনো বা রোমান হরফে বাংলা লেখার প্রস্তাব, কখনো আরবি-ফার্সি শব্দের মিশেল দিয়ে স্বতন্ত্র ভাষা সৃষ্টির প্রয়াস, কখনো রবীন্দ্রসংগীত নিষিদ্ধ ঘোষণা, কখনো বা নজরুল সাহিত্যের মুসলমানীকরণের অপচেষ্টা সমাজের এ অংশকে রীতিমতো ক্ষুব্ধ, প্রতিবাদী করে তুলেছিল। এদের উত্থান ক্রমেই জোরদার ও ব্যাপক হওয়ায় বাংলা ভাষাপ্রেমী মুসলিম জাতীয়তাবাদীদের প্রয়াস চাপা পড়ে যায়। ১৯৪৮ সালের মার্চ মাসে কার্জন হলের কক্ষে জিন্নাহর মুখের ওপর প্রথম যে ‘না’ ধ্বনিটি উচ্চারিত হয়েছিল, দিনে দিনে তা জোরদার হয়েছে এবং দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। ভাষা আন্দোলন ছাড়াও ১৯৫১ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকায় আয়োজিত সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ব্যাপক সাফল্য প্রমাণ করে, শিক্ষিত নাগরিক বাঙালির মূলধারা থেকে চলেছে পাকিস্তানি আদর্শ ও পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের সব ষড়যন্ত্রকে প্রত্যাখ্যানকারী ও চ্যালেঞ্জ জানানো এক নাগরিক সেক্যুলার বাঙালি জনগোষ্ঠী। সব কটি সম্মেলনে বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালি সংস্কৃতির চিরায়ত মূলধারার প্রতি অঙ্গীকার ও আগ্রহ ব্যক্ত হয়েছে। রবীন্দ্র-নজরুলের গান, বাংলার গণসংগীতসহ ধর্মনিরপেক্ষ মানবতাবাদী সংস্কৃতির সুস্থ, সুন্দর প্রকাশ ঘটেছিল এসবে। সব কটি সম্মেলনই ব্যাপক মানুষের অংশগ্রহণে সার্থক ও সফল হয়েছিল। বাংলাদেশের অগ্রযাত্রার ইতিহাসে সাংস্কৃতিক অঙ্গনের এসব ঘটনা ছিল মাইলফলক।এরপর ১৯৫৭ সালে মওলানা ভাসানীর উদ্যোগে কাগমারীতে অনুষ্ঠিত হয় আরেকটি সম্মেলন। তাতেও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতিই অঙ্গীকার ব্যক্ত হয়েছিল। এ সম্মেলন থেকেই ভাসানী পাকিস্তানকে জবাব দিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথক অভিযাত্রার ইঙ্গিত দিয়েছিলেন। এভাবে ক্রমেই পাকিস্তানি চেতনার বিপরীতে স্বতন্ত্র বাঙালি চেতনার প্রকাশ ঘটছিল। পাকিস্তান রাষ্ট্র ও পাকিস্তানপন্থী রাজনীতি এর বিরুদ্ধতায় নামলেও বাঙালি মুসলমানের আত্মবিকাশের এই প্রণোদনাকে ঠেকাতে পারেনি। বরং ১৯৬১ সালে আইয়ুব খানের দোর্দণ্ড প্রতাপ সামরিক শাসনের ভেতরেই ব্যাপক আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হয়েছিল রবীন্দ্রজন্মশতবার্ষিকী। রাষ্ট্রীয় বাধা, কিছু পত্রিকার আক্রমণাত্মক বিরূপতা অগ্রাহ্য করে ঢাকায় ১১ আর চট্টগ্রামে সাত দিনব্যাপী জমজমাট অনুষ্ঠান হয়েছে। অন্যান্য জেলা শহরেও এর ঢেউ গিয়ে লেগেছিল।সরকারের বাঙালি মন্ত্রী, আমলা, গোয়েন্দা বিভাগ, দৈনিক আজাদ রাষ্ট্রদ্রোহের অভিযোগসহ উদ্যোক্তাদের বিরুদ্ধে চরম বিদ্বেষপূর্ণ প্রচারণা চালালেও তাতে কাজ হয়নি। এর কারণ, বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রায় সব বুদ্ধিজীবী বাংলা ভাষা, বাংলা সাহিত্য থেকে রবীন্দ্রবিতর্ক পর্যন্ত সব ক্ষেত্রে বাঙালি হিসেবে আত্মপরিচয়কে গৌরবের সঙ্গে প্রাধান্য দিয়েছিলেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ, ড. কাজী মোতাহার হোসেন, ড. এনামুল হক, আবুল ফজল, বেগম সুফিয়া কামাল, প্রফেসর আবদুল হাই যেমন এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন, তেমনি পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি এস এম মুর্শেদ, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এম এ বারিসহ উচ্চপদস্থ অনেক বাঙালি কর্মকর্তাও এসব আয়োজনে, বিশেষত রবীন্দ্রশতবার্ষিকী উদ্যাপনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।এভাবে প্রতিরোধের চেতনায় লালিত আত্মবিকাশের আবেগে সেদিন পূর্ব পাকিস্তানের শিক্ষিত নাগরিক সমাজ পাকিস্তান ও পাকিস্তানপন্থী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই সাংস্কৃতিক সংগ্রামের পাশাপাশি ষাটের দশকের মাঝামাঝি থেকে ছয় দফার মাধ্যমে যে জাতীয়তাবাদী জাগরণ সূচিত হয় রাজনৈতিক অঙ্গনে, তা জাতীয়ভাবে ক্রমেই প্রধান ইস্যু হয়ে ওঠে। আর সেখানে সেক্যুলার বাঙালি সংস্কৃতির বিরুদ্ধতাকারীরা রাজনৈতিক প্রতিপক্ষে পরিণত হন। ১৯৬১ সালের পর থেকে দুপক্ষে এই বিভাজন যেমন বেড়েছে, তেমনি চিরায়ত মানবিক বাঙালি সংস্কৃতির পক্ষের শক্তি সমৃদ্ধ ও বিস্তৃত হয়েছে। এর বিরুদ্ধতাকারীরা পাকিস্তানবাদী, প্রতিক্রিয়াশীল ও পশ্চাৎপদ চিন্তার মানুষ হিসেবে পরিচিত হলেন। শেখ মুজিবের জাদুকরি নেতৃত্ব আমবাঙালির এই ঐক্যকে জোরদার ও যেকোনো পর্যায়ের সংগ্রামের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলেছিল। সত্তরের নির্বাচনের বিজয় আর তার পরবর্তী পাকিস্তানি ষড়যন্ত্র এদের ঠেলে দিল এক দাবি স্বাধীনতার পক্ষে। আর তত দিনে মুষ্টিমেয় হয়ে আসা বিপক্ষের মানুষের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী অপশক্তির পরিচয় বহন করতে হলো।২.এই পটভূমি বিচার করলে আমরা দেখব, দুই দশকের মধ্যে একটি অঞ্চলের শিক্ষিত নাগরিকদের মূলত সাংস্কৃতিক অধিকারের আন্দোলন কীভাবে একটি জাতীয় মুক্তিসংগ্রামে পরিণত হয়। একাত্তরে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছিল সাম্প্রদায়িক ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল একটি রাষ্ট্রের জোয়াল ফেলে দিয়ে নিজের চিরায়ত অসাম্প্রদায়িক মানবিক সংস্কৃতিচর্চার উপযোগী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। তাই বিজয়ের অব্যবহিত পরে প্রণীত সংবিধানে দেশের মূলনীতি সাব্যস্ত হলো চারটি—গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র।স্বাধীনতার মাত্র তিন বছরের মাথায় রাজনৈতিক বিপর্যয় ঘটে গেল এবং তারপর থেকে রাষ্ট্রযন্ত্রের উদ্যোগে প্রত্যাখ্যাত পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার চেষ্টা বা ষড়যন্ত্রের কথা বিবেচনায় রেখেও বলব, নাগরিক বাঙালির মূলধারার সাংস্কৃতিক কার্যক্রম একইভাবে অব্যাহত ছিল। এর কারণ, পাকিস্তান আমল থেকেই এ দেশের সাংস্কৃতিক অঙ্গনের সংগঠক-কর্মীরা তো প্রতিবাদ-প্রতিরোধের মাধ্যম বা হাতিয়ার হিসেবেই আবহমান বাংলা সংস্কৃতির চর্চা করে এসেছে। সেই ধারাটিই আবার একাত্তরের পর থেকে সচল হয়েছে। বরং এর মধ্যে একাত্তরের নয় মাসে অনেকের কলকাতাবাসের অভিজ্ঞতার ফলে নাটক, রবীন্দ্রসংগীত, আবৃত্তি অঙ্গন আগের তুলনায় অনেক সমৃদ্ধ হয়েছে। আর স্বাধীনতা-পরবর্তীকালে বৃত্তি নিয়ে অনেকেই ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা ও কলাকেন্দ্রে উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, চারুকলায় প্রশিক্ষণ নিয়েছেন। এই যোগাযোগও আমাদের মূলধারার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে। ছায়ানট ও বাফার মতো প্রতিষ্ঠিত সংগীত বিদ্যালয়ের পাশাপাশি শিল্পকলা ও সংস্কৃতিচর্চার অজস্র প্রতিষ্ঠান গড়ে উঠেছে সারা দেশে। তা ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, আবৃত্তি সমন্বয় পরিষদ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের মতো সংস্থাগুলো একদিকে সারা দেশে কলাচর্চার প্রায়োগিক ধারাকে চলমান রাখছে, আরেকদিকে এ দেশের বরাবরের ঐতিহ্য ধরে রেখে রাজনৈতিক-সাংস্কৃতির ধারাটিকেও বেগবান করছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতির সব ক্ষেত্রেই ধর্মভিত্তিক জাতীয়তাবাদীরা এ দেশে বরাবর ক্ষীয়মাণ দুর্বল ধারা। তাদের রাজনীতি নানা ষড়যন্ত্রের মাধ্যমে কোথাও কোথাও এবং কখনো কখনো মাথা তুলে দাঁড়ালেও কখনোই মূলধারা হতে পারেনি।এতদসত্ত্বেও সূক্ষ্ম বিচারে বসলে দেখা যাবে, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কতকগুলো মজ্জাগত দুর্বলতা রয়ে যাচ্ছে। যার ফলে এত অগ্রগতি ও এত অর্জন সত্ত্বেও এর অনেক অবক্ষয়, অনেক সীমাবদ্ধতা চোখে পড়ে। সংস্কৃতির বলিষ্ঠ বিকাশ নিশ্চিত করার জন্য দুটি বিষয়ে যত্ন নিতে হয়, যেমন ১. ভাষা এবং বিভিন্ন বিদ্যা ও শিল্পকলার বুনিয়াদটা শক্ত করতে হয় এবং ২. ধর্মের কট্টর ভূমিকার ফলে সাংস্কৃতিক অঙ্গনে রক্ষণশীলতা ও প্রতিক্রিয়ার থাবা যেন বিস্তৃত না হয়। সেখানে দুর্বলতা কিংবা ঘাটতি নিয়ে বেশি দূর এগোনো সম্ভব নয়।বাংলাদেশে এই দুর্বলতার দিকটা আজ খতিয়ে দেখা দরকার—১. বাংলা ভাষার জন্য মৌখিক দরদ আর ভাবাবেগপূর্ণ উচ্ছ্বাসের রাজনৈতিক মূল্য থাকতে পারে, কিন্তু ভাষাচর্চার ভিত্তি পোক্ত না করলে কার্যক্ষেত্রে এগোনো যাবে না। বাংলা ভাষায় পাণ্ডিত্য অর্জনের জন্য সংস্কৃত ভাষাচর্চার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা সে দিকটা সম্পূর্ণ উপেক্ষা করে প্রকৃত ভাষাবিদহীন এক জাতিতে পরিণত হচ্ছি।২. ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ক্ষেত্রে উচ্চতর গবেষণা ছাড়া সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ আলোকিত সমাজ তৈরি সম্ভব নয়। কিন্তু এই গবেষণার জন্য আমাদের সংস্কৃত, পালি, ফার্সি, আরবির মতো ধ্রুপদি ভাষাচর্চা ছিল একান্ত আবশ্যক। আমরা এ ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন।৩. সংস্কৃতির সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবক শাখা হলো সংগীত। বিভিন্ন ধারার গানের ভালো শিল্পী হয়তো হওয়া সম্ভব, কিন্তু সমাজে যদি সংগীতশাস্ত্রীরা না জন্মান ও কদর না পান, তাহলে সংগীতের অগ্রগতি ও সমৃদ্ধি কীভাবে সম্ভব? এ দেশে উচ্চাঙ্গসংগীতচর্চার ঐতিহ্য তৈরি হয়নি, তার সমঝদারির কোনো আয়োজন নেই। ফলে সংগীতের অগ্রগতি বা জৌলুশ সবটাই বাহ্য, অনেকটাই মিডিয়ার তৈরি।৪. দেশে সংবাদপত্র ও বৈদ্যুতিক মিডিয়ার বিকাশ, নাকি বিস্ফোরণ হয়েছে। এতে প্রচারের রমরমা চলছে। কিন্তু চর্চার কেন্দ্রগুলো তৈরি না করে সংবাদপত্রের প্রয়োজন মেটাতে প্রস্তুতি ছাড়া পরিণতির আগেই মাঠ মাতাচ্ছেন তারকারা। সংবাদপত্রের লক্ষ্যদল হচ্ছেন স্বল্পশিক্ষিত আমজনগণ। এই জনসমর্থনের জোরে সংবাদপত্র সহজেই তারকা বানাতে পারে। কিন্তু বোদ্ধা ও বিশেষজ্ঞ তৈরি তার কাজ নয়। অথচ একটি সমাজের সাংস্কৃতিক মান উন্নত করবে ও উত্তরোত্তর তা বাড়িয়ে চলবে তো বোদ্ধা ও বিশেষজ্ঞ সমাজ। সংবাদপত্রের এই রমরমার মুখে দেশে বিশেষায়িত জার্নাল যেমন হচ্ছে না, তেমনি বিশেষ বিশেষ বিদ্যা ও শিল্পের বোদ্ধা সমাজও তৈরি হচ্ছে না।৫. বিশ্ববিদ্যালয়, বিভিন্ন একাডেমীসহ (যেমন বাংলা একাডেমী) বিদ্যা ও শিল্পচর্চার প্রতিষ্ঠানগুলোর মানের ভয়াবহ অবনতি হয়েছে। এতেও সাংস্কৃতিক মান উন্নত করার ও রাখার চ্যালেঞ্জ আর সমাজ না পারে সৃষ্টি করতে, না পারে গ্রহণ করতে।৬. বাংলাদেশের বিজ্ঞজনের মননচর্চা এখন কেন্দ্রীভূত হয়েছে সংবাদপত্রের পাতায়, কলামে, টেলিভিশনের টক শোতে আর বিভিন্ন সংস্থার গোলটেবিলে। এ দেশে এ কালে কলাম পায় সাহিত্যের মর্যাদা, কলামিস্ট স্বীকৃতি পান সাহিত্যিকের। কোথায় গবেষণা, কোথায় বা গভীর বিশ্লেষণসমৃদ্ধ নতুন নতুন চিন্তার খোরাক!৭. সহজ স্বীকৃতি, সুলভ খ্যাতি এবং প্রতিষ্ঠার সহজ সুযোগ মিলে এ সমাজে চর্চা, অনুশীলন, সাধনার গুরুত্ব হারিয়ে যাচ্ছে। সাধনা ছাড়া শিল্প সম্ভব নয়, আর উন্নত মানের শিল্প ছাড়া সাংস্কৃতিক অগ্রযাত্রা কীভাবে সম্ভব?৮. আমাদের দেশে মাদ্রাসাগুলো জ্ঞানচর্চার কেন্দ্র হতে পারেনি। তারা ইসলামচর্চার দিক থেকেও স্থবির হয়ে পড়েছে। অথচ সমাজে এখনো মাদ্রাসা-শিক্ষিত মোল্লার প্রভাব বেশি। মধ্যপ্রাচ্যের অর্থ, জঙ্গিবাদের উত্থান এবং বদ্ধচিন্তার গোঁড়ামি মিলে দেশে ধর্মচর্চার সুস্থ বিকাশমান ধারা তৈরি হয়নি। বরং এদের রাজনৈতিক-সাংস্কৃতিক দাপটে বৃহত্তর সমাজের চিন্তাজগতে বিভ্রান্তি, জড়তা, ভীরুতা কাজ করছে, সমাজে ধর্মান্ধতা বাড়ছে, রক্ষণশীলতা জোরদার হচ্ছে।৩.সাংস্কৃতিক প্রতিরোধ চালানো আর প্রতিরোধের সংস্কৃতিচর্চার অর্থ হলো প্রতিপক্ষের অস্ত্র ব্যর্থ করা, তাকে প্রত্যাখ্যান করা। তাতে মৌলিক সৃষ্টির জন্য নিজের প্রস্তুতির অভাব ঘটে যেতে পারে। এ তো ছিল যুদ্ধাবস্থার জরুরিভিত্তিক চাহিদামাফিক সংস্কৃতিচর্চা। তাতে বিপদ সামলানো গেছে, কিন্তু নিজেদের যথার্থ প্রস্তুতির অবকাশ মেলেনি। ওপরে বর্ণিত ঘাটতিগুলো এভাবেই জমে জমে পুঞ্জীভূত হয়েছে। আর এই অসম্পূর্ণ প্রস্তুতির পাশাপাশি দারিদ্র্য, অশিক্ষা, বিশ্বায়ন, ইসলামি জঙ্গিবাদ, ভোগবাদী সমাজব্যবস্থা মিলে আমাদের জন্য সাংস্কৃতিক অগ্রযাত্রা কঠিন করে তুলেছে।বাংলাদেশের সংস্কৃতির শক্তির উৎস ছিল তার গ্রামবাংলার চিরায়ত শিল্প-সাহিত্য, কারুকলার সমৃদ্ধ ঐতিহ্য। সেখানে যুগের হাওয়া লেগেছে। কৃষির ধরন বদলেছে। সরল-সহজ প্রকৃতিনির্ভর জীবন আর নেই গ্রামবাসীর। নাগরিক সংস্কৃতির এক ক্ষয়িষ্ণু বিকৃতির প্রভাব সেখানে দিনে দিনে বাড়ছে। তার ওপর দারিদ্র্যের কশাঘাত এবং ধর্মান্ধ মোল্লাদের দাপটে তাদের জীবন কেবল প্রাণধারণের গ্লানিতে এসে ঠেকেছে। গ্রামে আর কবির কাব্যপাঠ শোনা যায় না, গায়েন গায় না, বাদ্য বাজে না, যাত্রাপালা-কবিগানের জমজমাট আসর বসে না, উৎসব-মেলার কলকোলাহল শোনা যায় না।গ্রামগুলো মরে যাচ্ছে, তাদের সাংস্কৃতিক মৃত্যু হচ্ছে। বাংলাদেশের সম্পদ, সুযোগ ও সম্ভাবনা কেবল ঢাকায় কেন্দ্রীভূত হচ্ছে। সারা দেশের বিনিময়ে রাজধানীর যে জৌলুশ তার শেকড়ের জোর নেই, সে বিচ্ছিন্ন, নিঃসঙ্গ। রাজধানী এবং সারা দেশে যা ঘটছে, তার ফলাফল কিন্তু একই। তর্জনী তুলে নিজেদেরই জিজ্ঞেস করতে হবে আজ—আমরা কি সাংস্কৃতিকভাবে দেউলিয়া হয়ে পড়ব? কিংবা সাংস্কৃতিক উদ্বাস্তুতে পরিণত হব?এতটা ভয়ংকর ভবিষ্যৎ কল্পনা করতে চাই না, কিন্তু আশঙ্কা উড়িয়ে দিতেও পারি না। এ আশঙ্কার মধ্যেই একটি প্রত্যয় ঘোষণা করতে চাই—আমরা রাজনৈতিক যুদ্ধের পরিপূরক হিসেবে একটি সাংস্কৃতিক যুদ্ধের জন্য প্রস্তুতি নেব। অতীতে সাংস্কৃতিক সংগ্রাম থেকে রাজনৈতিক মুক্তির সংগ্রামের সূচনা করেছিলাম আমরা, আজ কি রাজনীতি থেকে সাংস্কৃতিক মুক্তির সংগ্রাম শুরু করতে পারি না? যদি পারি, তবেই হবে নতুন সূচনা, আসবে সংগ্রামের সার্থকতা, খুলে যাবে সামনে চলার পথ। আবুল মোমেন: লেখক, আবাসিক সম্পাদক, প্রথম আলো