সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব বর্জন করবে আদিবাসীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ‘সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব-২০১১’ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আদিবাসীদের বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠন। উৎসব আয়োজনের বিভিন্ন নথিতে আদিবাসীদের ‘নৃ-গোষ্ঠী’ ও ‘ক্ষুদ্র জাতিসত্তা’ হিসেবে উল্লেখ করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্প (সিএইচটিডিএফ) এ উৎসবের আয়োজন করছে।মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি আয়োজক কমিটি। সেই কমিটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) পরিষদ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি উৎসব আয়োজন-সংক্রান্ত কোনো সভায় যোগ দেননি।আঞ্চলিক পরিষদের সূত্র জানায়, কমিটিতে আঞ্চলিক পরিষদের প্রতিনিধি রাখার বিষয়ে তাঁরা কিছু জানেন না। কমিটির সভা অনুষ্ঠানের কোনো খবরও তাঁদের জানানো হয়নি। তবে তাঁরা শুনেছেন যে এবার উৎসবের সব নথিপত্রে ‘আদিবাসী’র পরিবর্তে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’, ‘ক্ষুদ্র জাতিসত্তা’ প্রভৃতি উল্লেখ করা হয়েছে। তাই এ-সংক্রান্ত কোনো সভা কিংবা উৎসবে যোগদানের প্রশ্নই আসে না।পার্বত্য চট্টগ্রাম ও সমতলের আদিবাসীদের সংগঠন আদিবাসী নেটওয়ার্কের সমন্বয়কারী সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি আদিবাসীদের আত্মপরিচয়ের বিপরীতে কাজ করছে। মনে হচ্ছে, এ উৎসবের মাধ্যমে আদিবাসীদের আত্মপরিচয়কে অস্বীকৃতি জানানোর বিষয়টি প্রতিষ্ঠিত করার আয়োজন হচ্ছে। এ জন্য আদিবাসী নেটওয়ার্ক উৎসব বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এবং সারা দেশের আদিবাসীদের তা জানিয়ে দেওয়া হয়েছে।গত শুক্রবার বান্দরবানে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে আদিবাসী সুশীল সমাজের এক বৈঠক হয়েছে। সেখানে ১১টি আদিবাসী সম্প্রদায়ের নেতাদের মতামতের ভিত্তিতে উৎসব বর্জনের সিদ্ধান্ত নিয়ে ‘আদিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয় কমিটি’ নামে ১৭ সদস্যের একটি কমিটি করা হয়েছে।কমিটির আহ্বায়ক ক্যহ্লাউ মারমা ও সদস্যসচিব জলিমং মারমা প্রথম আলোকে বলেন, পার্বত্য জেলার মধ্যে একমাত্র বান্দরবানেই ১১টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এই ১১টি জনগোষ্ঠীই উৎসব বর্জনে একমত হয়েছে।ঢাকায়ও গত শুক্রবার সমতল ও পাহাড়ের সব কটি ছাত্র সংগঠন আলোচনার ভিত্তিতে সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, অগ্রহণযোগ্য নাম দিয়ে এ ধরনের উৎসব আয়োজন আন্তর্জাতিক আইনে স্বীকৃত ও ঘোষিত মৌলিক অধিকারের পরিপন্থী। বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক বিনয় আজিম বলেন, ‘এ উৎসব আমরা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও ইউএনডিপির উচিত, আদিবাসীদের অনুভূতির বিপরীত অবস্থান থেকে সরে আসা। না হলে আস্থার সংকট তৈরি হবে এবং স্বাভাবিকভাবে উৎসব বর্জনের বিষয়টি আসবে।বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, তাঁরা এখনো আশাবাদী, মন্ত্রণালয় ও ইউএনডিপি তাঁদের অবস্থান থেকে সরে আসবে।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অন্যতম সদস্য কে এস মং বলেন, এর আগে চারবার সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব আয়োজন করা হয়েছে। প্রতিবারই উৎসবের নথিপত্রে ‘আদিবাসী’ কথাটি ছিল। অন্য কয়েকজন আদিবাসী নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে সুস্পষ্টভাবে ‘আদিবাসী’ শব্দটি উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছিল। এখন ‘নৃ-গোষ্ঠী’ ও ‘ক্ষুদ্র জাতিসত্তা’ শব্দগুলো উৎসবের মাধ্যমে চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছে।জানতে চাইলে ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের উপপরিচালক প্রশান্ত ত্রিপুরা প্রথম আলোকে বলেন, উৎসব আয়োজনের মূল নেতৃত্বে রয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। ইউএনডিপি সহায়তা দিচ্ছে মাত্র।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) রোকসানা কাদের প্রথম আলোকে বলেন, ‘নৃ-গোষ্ঠী’ ও ‘ক্ষুদ্র জাতিসত্তা’ শব্দগুলো সরকারি ভাষা। মন্ত্রণালয়ের সরকারের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। তবে উৎসব বর্জনের বিষয়টি তাঁদের জানা নেই।