সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক তাগিদ
সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ এবং একে জাতীয় উন্নয়নের অন্যতম উপাদান হিসেবে পরিণত করে তোলার উদ্যোগের মধ্য দিয়ে শুরু হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন।বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের শিক্ষা ও শিল্প-সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) যৌথ উদ্যোগে গতকাল বুধবার এই প্রথমবারের মতো তিন দিনের এই অঞ্চলের মন্ত্রী পর্যায়ের সাংস্কৃতিক বৈচিত্র্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আকর্ষণীয় এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচিতি তুলে ধরা হয়েছিল বর্ণাঢ্য উপস্থাপনায়। প্রধানমন্ত্রী তাঁর উদ্বোধনী ভাষণে সাংস্কৃতিক শক্তির ওপর আলোকপাত করে বলেছেন, ‘আমাদের একে অপরের সংস্কৃতি ও ঐতিহ্য ভাগাভাগি করে আধুনিক বিশ্বের ভীতিকর সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে।’উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিরিবাতির উপরাষ্ট্রপতি এবং অভ্যন্তরীণ ও সমাজকল্যাণমন্ত্রী তেইমা ওনোরিও এবং বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। সম্মেলনে অংশগ্রহণের জন্য এই অঞ্চলের ৪৩টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশসহ ১৫টি দেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অন্য ১৭টি দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোকেও ইউনেসকোর সাংস্কৃতিক অভিব্যক্তিবিষয়ক আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর করার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য এ বিশ্বকে আরও সুন্দর, বর্ণময় এবং শান্তিময় করার জন্য সাংস্কৃতিক বৈচিত্র্যের হাজারো ফুলকে প্রস্ফুটিত হতে সাহায্য করি।’ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা তাঁর বক্তৃতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘ইউনিক ভয়েস’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সংস্কৃতির উন্নয়নের সঙ্গে অর্থনীতির উন্নয়নের নিবিড় সম্পর্ক রয়েছে। ভিয়েতনাম ও চীনের উদাহরণ টেনে সেখানে সংস্কৃতির উন্নতি ও সমৃদ্ধির সঙ্গে রাষ্ট্রের অর্থনীতির যে উন্নতি ঘটেছে তা তিনি তুলে ধরেন।কিরিবাতির উপরাষ্ট্রপতি এবং অভ্যন্তরীণ ও সমাজকল্যাণমন্ত্রী তেইমা ওনোরিও বলেন, তিনি এই সম্মেলনে এসেছেন মূলত বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে।সাংস্কৃতিক অনুষ্ঠান: বক্তৃতা পর্বের শেষে ছিল এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে তুলে ধরা হয়েছিল বাংলার দীর্ঘকালের সাংস্কৃতিক ঐতিহ্য। কবিগুরুর ‘যাও গো এবার যাবার আগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও যাও’ গানের সঙ্গে নৃত্য দিয়ে শামীম আরা নীপা, শিবলী মহম্মদ এবং তাঁদের দল ‘নৃত্যাঞ্চল’-এর শিল্পীরা এই পর্বের শুরু করেন। লালন সাঁইয়ের গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গেয়ে শোনান শিল্পী দম্পতি কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। এরপর ছিল দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা। এই পর্যায়ে চাকমা, সাঁওতাল, গারো ও মণিপুরি সম্প্রদায়ের শিল্পীরা নাচের মুদ্রায় নিজ নিজ সংস্কৃতি তুলে ধরেন। তাঁদের বর্ণাঢ্য পোশাক, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বাদন ও নৃত্যের ছন্দ দর্শকদের মুগ্ধ করে। নদীমাতৃক এই দেশে মাঝিমাল্লার আন্দন-বেদনা উঠে এসেছে ভাটিয়ালি গানের সুরে। ‘নাও ছাড়াইয়া দে’ গানের সঙ্গে নৌকা বাওয়ার দৃশ্য, গ্রামের বধূদের জীবনযাত্রার খণ্ডচিত্র নিয়ে ছিল সমবেত নৃত্য। নৃত্যাঞ্চলের শিশু বিভাগের শিল্পীদের বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে ‘এ দিন আজি কোন ঘরে গো’ গানের সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা নিয়ে এক চমকপ্রদ প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। এই পর্ব সঞ্চালনা করেন রামেন্দু মজুমদার, মাহমুদুর রহমান ও আতিয়া খান।প্রসঙ্গত, বিশ্বের সব জাতির সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশ নিশ্চিত করতে ইউনেসকো ২০০৫ সালে ‘কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড প্রমোশন অব দ্য ডাইভারসিটি অব কালচারাল এক্সপ্রেশনস ২০০৫’ শীর্ষক কনভেনশনটি গ্রহণ করে। বাংলাদেশ ২০০৭ সালে কনভেনশনটি অনুস্বাক্ষর করে। এ পর্যন্ত বিশ্বের ১২৩টি দেশ এতে অনুস্বাক্ষর করেছে।আনুষ্ঠানিক অধিবেশন: উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথম পর্ব। এ পর্বে ‘ইন্টিগ্রেটিং কালচার ইনটু দ্য ডেভেলপমেন্ট এজেন্ডা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।প্রথম পর্ব শেষে সন্ধ্যায় বিদেশি অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। সম্মেলন উপলক্ষে রূপসী বাংলায় বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।