সাংস্কৃতিক মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা প্রাকৃতিক অন্ধকার চাই, কিন্তু অপশক্তির অন্ধকার চাই না’—এই বাণী নিয়ে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দুই দিনব্যাপী জেলা সম্মেলন ও সাংস্কৃতিক মিলনমেলার উদ্বোধন করা হয়। শেষও হয় একই আহ্বানে, ‘অপশক্তির অন্ধকার তাড়াতে জীবনের সর্বক্ষেত্রে রবীন্দ্রচর্চা অব্যাহত রাখুন।’ সিলেট স্টেডিয়ামে প্রথমবারের মতো বড় পরিসরে ৭ ও ৮ জানুয়ারি দিনব্যাপী উত্সবমুখরতায় শেষ হয় সাংস্কৃতিক মিলনমেলার।৭ জানুয়ারি স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। রবীন্দ্রনাথের কবিতা ও গানের বর্ণিল ফেস্টুনসহ নানা সাজে সজ্জিত আনন্দ শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুই দিনব্যাপী সাংস্কৃতিক মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেলিনা হোসেন ছাড়াও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদিবাসী গবেষক মেসবাহ কামাল, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মঈনুদ্দিন নাজির। স্বাগত বক্তব্য দেন পরিষদের সিলেট জেলার আহ্বায়ক সুপ্রিয় চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালন করেন আমিনুল ইসলাম। রবিরশ্মি শীর্ষক আলোচনায় সেলিনা হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথের গান আমাদের মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছে। সেই গান আমাদের জাতীয় সংগীত। এ গানে আছে মায়ের মুখ মলিন হলে আমরা চোখের জলে ভাসি। বাংলাদেশের মুখ এখনো উজ্জ্বল হয়নি। বাংলাদেশ নামের এই মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। রবীন্দ্রনাথের বাংলাদেশকে উজ্জ্বল করতে হলে জীবনের সর্বক্ষেত্রে নির্মোহ ও নির্মল হতে হবে।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও ঢাকার শিল্পীরা সংগীত পরিবেশ করেন। রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের মূর্ছনা দর্শককে বিমোহিত করে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাংগঠনিক কর্মযজ্ঞ শেষে সমাপনী দিনে শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘সংস্কৃতি হচ্ছে একটা পাত্রের মতো। যার ভেতর এই পাত্র আছে, সে-ই শিক্ষাটাকে ধারণ করতে পারে।’ শিশু আনন্দমেলা : বাংলাদেশ শিশু একাডেমী সিলেট জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা ও নাট্য প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ছিল ২৮ জানুয়ারি। ওই দিন বিকালে নগরের রিকাবীবাজার এলাকার এম সাইফুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আল রাজী। শিশু একাডেমীর জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের সভাপতি অনিল কৃষণ সিংহ ও নজরুলসংগীত শিল্পী সংসদ সিলেট বিভাগের সভাপতি হিমাংশু বিশ্বাস। শিশু আনন্দমেলায় নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। নাটক মঞ্চায়ন: ২৬ জানুয়ারি সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় শিশুদের অংশগ্রহণে মঞ্চায়ন করা হয় নাটক বেমিল। নাটকে অভিনয় করেছেন শান্ত, দোলা, রফিক, উজ্জ্বল, মুন্নি, কানিজ, মহসিন, লোপা, আঁখি, সাদ্দাম হোসেন, মামুন, তুষার ও মুক্তি। নাটকটির চিন্তা, চেতনা ও পরিকল্পনায় ছিলেন মো. মারুফ খান। সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় নাটকটি মঞ্চায়িত হয়।