ঠিকঠাক হদিসটা জানা না থাকলে ধানমন্ডি ৪ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে যে এ রকম একটা অভিজাত রেস্টুরেন্ট রয়েছে, তা ঠাওর করা যায় না। বাইরের অংশটুকু দেখেও বোঝার উপায় নেই, ভেতরটা এমন সুন্দর সাজানো-গোছানো। কেননা, চটকদার বিজ্ঞাপন কিংবা সুবিশাল সাইনবোর্ডের খুব একটা ধার ধারেনি ‘এসকেপ ফ্রম সাংহাই’ কর্তৃপক্ষ। ঢোকার মুখে ছোট একটা সাইনবোর্ড। তাতেই রেস্তোরাঁর নাম আর খোলা-বন্ধের সময়টা লেখা আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলে প্রথমে একটু ধাঁধায় পড়তে হয়। কেননা, এর ভেতরের দিকটা লালচে আলোয় আলোকিত। কিছু সময় পর আলোটা চোখে সয়ে গেলে চারপাশ অন্য রকম লাগে। এখানে টেবিলগুলো ভারি কায়দা করে সাজানো। মানে, যতটা না খাওয়ার, তার চেয়ে অনেক বেশি আড্ডার টেবিল বলেই মনে হয়। আর তেমনটি মনে হলো রেস্তোরাঁর খদ্দেরদের দেখেও। খাওয়ার চেয়ে আড্ডাই যেন তাদের কাছে মুখ্য। তবে এখানকার সুস্বাদু খাবার এই প্রাণবন্ত আড্ডায় রসদ জোগায়।নামের সঙ্গে ‘সাংহাই’ রয়েছে বলে ভাববেন না, এখানে কেবল চীনা খাবারই জোটে। ভালো ভালো চীনা খাবার জোটে—এটা ঠিকই মানতে হবে। সব মিলিয়ে মেন্যুতে পদের সংখ্যা ১২০। পানীয় পাওয়া যায় প্রায় ৩১ ধরনের। এর পাশাপাশি আট রকমের ডেজার্ট। খাবারের মধ্যে আছে ভারতীয় আর পশ্চিমা খাবারও। তবে এসকেপ ফ্রম সাংহাইয়ের নিয়মিত খদ্দেরদের কাছে চীনা পদগুলো বেশি প্রিয়। বিশেষ করে নুডুল্স স্যুপ, ফ্রায়েড রাইস কিংবা চিকেন চাওমিন পদগুলো ক্রেতাদের বেশ পছন্দের।ভারতীয় খাবারের আয়োজনটাও দারুণ জনপ্রিয় এখানে। নান, বটি কাবাব, হায়দরাবাদি বিরিয়ানি আর মতি বিরিয়ানি তো আছেই। যাদের নিরামিষে আগ্রহ, তাদের জন্য পালং পনির, সবজি পাকোড়া, ডাল বাটার ফ্রাই কিংবা সবজির দোপেঁয়াজাও মেন্যুতে রেখেছে রেস্তোরাঁর কর্তৃপক্ষ।আবার এখানকার স্টেকটাও অনেকেই আগ্রহ করে পাতে তুলে নেন। কয়েক রকমের স্টেক পাওয়া যায় এখানে। পিপার স্টেক, ইটালিয়ান স্টেক ও আমেরিকান স্টেক গ্রাহকদের খুবই পছন্দ। পাশাপাশি বাঁশের ভেতর রান্না করা মাছ কিংবা কলাপাতায় রান্না করা ডিমের মতো অদ্ভুত আর উপাদেয় খাবারও মেলে এখানে।ডেজার্টের পদগুলোও দুর্দান্ত। দই আর নানা রকমের ফল মিশিয়ে বানানো সালাদটা খেতে বেশ সুস্বাদু। ব্রাউনি, চকলেট কেক, লেমন কেক, গোল্ডেন ক্যারামেল কেক—এসবও পাওয়া যায় হরদম। আর পানীয়র কথা বলতে গেলে তো রীতিমতো খাতা নিয়ে বসতে হবে। মিল্কশেক, লাচ্ছি থেকে শুরু করে মসলা চা, বরফ চা, ব্যানানা ফ্রস্টি কিংবা কফি লাটে—সবই পাওয়া যায় এখানে। সব মিলিয়ে খাওয়ায় ও পানীয়তে আয়োজনের কোনো কমতি নেই এখানে। তাই সকাল-দুপুর-সন্ধ্যায় তরুণ-তরুণীদের ভিড় ভালোই জমে এখানে।