সাইকেল আরোহী সালমানের জন্য ‘ট্রাফিক জ্যাম’!
সম্প্রতি মুম্বাইয়ের কমলিস্তান স্টুডিওতে শুটিং শেষ করে সাইকেলে চেপে বান্দ্রায় নিজের বাড়ির উদ্দেশে যাত্রা করেন সালমান খান। পথে তাঁকে একনজর কাছ থেকে দেখার জন্য সব গাড়ি গতি থামিয়ে দেয়। আর এভাবেই অনিচ্ছাকৃতভাবে ট্রাফিক জ্যাম বাঁধিয়ে বসেন সালমান। সান্তা ক্রুজের কাছে ওয়েস্টার্ন এক্সপ্রেস প্রধান সড়ক ধরে সালমান যখন তীব্র গতিতে সাইকেল চালাচ্ছিলেন, তখন তাঁর দুপাশে দুই দেহরক্ষী বাইকে চেপে ছায়ার মতো অনুসরণ করছিলেন তাঁকে। টুপি পরে মাথা নিচু করে একদৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে সাইকেল চালাচ্ছিলেন সালমান। কিন্তু তার পরও প্রিয় তারকাকে চিনে ফেলতে ভুল করেননি মুম্বাইয়ের সালমানভক্তরা। এক খবরে এমনটিই জানিয়েছে মিডডে। সালমানের পাশ দিয়ে যতগুলো গাড়ি যাচ্ছিল, সব গাড়িই তাঁকে অতিক্রম করার সময় গতি কমিয়ে দেয়। গাড়ির আরোহীরা ভেতর থেকে উঁকি মেরে খুব কাছ থেকে সালমানকে দেখার চেষ্টা করেন। এ কারণে একপর্যায়ে ওয়েস্টার্ন এক্সপ্রেস সড়কে জ্যাম বেঁধে যায়। অন্য সময় রাস্তায় জ্যামের কারণে সবার মধ্যে বিরক্তি বাসা বাঁধলেও, প্রিয় তারকার জন্য এই জ্যাম নিয়ে কারও কোনো মাথাব্যথা ছিল না। জ্যামের যন্ত্রণার চেয়ে সালমানকে একনজর দেখাটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল তাঁদের কাছে।