সাইকেল রাখার জায়গা নেই
লিটন মিয়া থাকেন কামরাঙ্গীরচর। আর কাজ করেন চাঁদনীচকের এক কাপড়ের দোকানে। বাসা থেকে তাঁর আসতে হলে নৌকা দিয়ে নদী পার হতে হয়। তা না হলে ব্রিজ দিয়ে পার হতে হলে অনেক দূর হাঁটতে হয়। নৌকায় পার হয়ে চকবাজার থেকে টেম্পোতে করে নিউমার্কেট। তারপর হেঁটে কর্মক্ষেত্রে পৌঁছান। এভাবে তাঁর আসা-যাওয়ায় প্রতিদিন ৩০ টাকার পাশাপাশি সময়ও অপচয় হয়। কারণ নৌকা ও টেম্পোতে লোকের কোটা পূরণ না হলে নৌকা-টেম্পো ছাড়ে না। তাই প্রায়ই দেরি হয়। মালিকের বকাঝকাও শুনতে হয় মাঝেমধ্যে। তাই বাধ্য হয়ে কয়েক মাসে টাকা জমিয়ে একটি সাইকেলই কিনে ফেলেন লিটন মিয়া। বেশ কিছুদিন স্বচ্ছন্দেই চলছিল। মনের সুখে সাইকেল চালিয়ে কর্মক্ষেত্রে যেতেন। মালিকের বকাঝকারও কোনো বালাই ছিল না। কিন্তু সুখের দিন বেশি দিন রইল না। একদিন রাতে কাজ শেষে মার্কেটের নিচে নেমে দেখেন সাইকেল নেই। চুরি হয়ে গেছে। এখানে-সেখানে পাগলের মতো খোঁজাখুঁজি করেও সাইকেল পেলেন না। মনের দুঃখে কেঁদে ফেললেন। সাধের সাইকেল। কিছুদিন কষ্টে কাটল। পরে যেই সেই। সাইকেল কিনি কিনি করেও আর কেনা হলো না। ভাবেন আবার কষ্ট করে টাকা জমিয়ে আরেকটা কিনে ফেলবেন। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, সাইকেল কিনে কী হবে। সাইকেল রাখবেন কোথায়?এ চিত্র লিটনের একার না। যাঁরা সাইকেল নিয়ে কর্মক্ষেত্রে যান তাঁদের সবার। একে তো সাইকেল রাখার জায়গা নেই, আবার সাইকেল নিয়ে ভবনের ভেতরেও ঢোকা যায় না। দারোয়ান চেঁচামেচি করে। তাই অনেকে বাধ্য হয়ে রাস্তার পাশে ও মাঝের সড়ক-বিভাজকেও সাইকেল রেখে দেন। কেউ কেউ দারোয়ানকে বুঝিয়ে, ‘মামা’ ডেকে মাঝেমধ্যে কাঁধে করে চারতলা-পাঁচতলা পর্যন্ত উঠিয়েও নিয়ে যান।ঢাকায় সাইকেলস্ট্যান্ড করার নেই কোনো জায়গা। তা ছাড়া কোনো গার্মেন্টসের মালিকই সাইকেল রাখার জন্য আলাদা কোনো জায়গা বানান না। নিউমার্কেট চাঁদনীচক গাউছিয়াতে শত শত লোক তাঁদের কর্মক্ষেত্রে আসেন সাইকেল নিয়ে। মিরপুরে গার্মেন্টসগুলোতেও অনেকে সাইকেল নিয়ে কর্মক্ষেত্রে যান। তাঁরা কাজের সময় সর্বক্ষণ চিন্তিত থাকেন যে আজ সাইকেলটি থাকবে তো! সাইকেল নিয়ে তাই সব সময়ই তাঁদের থাকতে হয় নানা বিড়ম্বনায়।চাঁদনীচকের বুটিকসের দোকানে কাজ করেন সাদেক হোসেন। তিনি জানালেন, প্রায়ই সাইকেল চুরি হয়। কিছুদিন পরপর চোর ধরা পড়লেও কোনো কাজ হয় না। সাইকেল চুরি এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা। এ থেকে নিস্তারেরও কোনো উপায় নেই। কারণ মার্কেটে নতুন করে কোথায় সাইকেলস্ট্যান্ড বানাবে? এর জন্য নতুন কোনো চিন্তাভাবনা করে সরকারকে পদক্ষেপ নিতে হবে। ফুটপাতের ব্যবসায়ী নুরুল হক বললেন, ‘আগে রাস্তার আইল্যান্ডে সাইকেল রাখতাম। কিন্তু আমার আগের সাইকেল চুরি যাওয়ার পর এখন অন্য জায়গায় রাখি। কিছুক্ষণ পরপর আবার দেখে আসি সাইকেলটি আছে কি না। সাইকেল রাখার ভালো ও নিরাপদ জায়গা নেই, তাই অনেকে ভাবেন রাস্তার মাঝে আইল্যান্ডে সাইকেল রাখলে বুঝি চোর সাইকেল চুরি করার সময় সবাই দেখবে। আসলে আমরা বাধ্য হয়েই রাস্তার পাশে সাইকেল রাখি।’এ বিষয়ে কথা হয় ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি সাইকেলস্ট্যান্ড তৈরির ক্ষেত্রে কোনো আশার বাণী শোনাতে পারেননি।তিনি বলেন, ‘সাইকেলস্ট্যান্ডের বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। তবে বিষয়টি ভেবে দেখব। আর সড়ক বিভাজক তো সাইকেল রাখার জায়গা না। এভাবে সাইকেল রেখে সড়কের সৌন্দর্য নষ্ট করা হলে রেকার দিয়ে এগুলো তুলে নিয়ে যাওয়া উচিত। কারণ সাইকেল রাখার জন্য সড়ক বিভাজক করা হয়নি।এক্ষেত্রে যারা সাইকেল রাখছে তাদেরও সচেতন হতে হবে।’