সাইকেলে করে অস্ত্র-গুলি বহন, টাঙ্গাইলে একজন আটক
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাইকেলে করে অস্ত্র ও গুলি বহনের অভিযোগে আজ সোমবার ভোরে বেনজির আহমেদকে (১৯) আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১০০টি গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে।মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকামুখী নাহার পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ছাদে বসে বেনজির সাইকেলসহ রওনা দেয়। সকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসে বাস থেকে নেমে সাইকেলে করে ঢাকার দিকে যেতে থাকেন। বেনজির দেওহাটা পুলিশ ফাঁড়ির কাছে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে থামায়। এ সময় পুলিশ সাইকেলে সিটের নিচ থেকে একটি পিস্তল এবং সামনের চাকার ভেতর থাকা ১০০টি গুলি উদ্ধার করে।এসআই শরিফ উদ্দিন জানান, এ ব্যাপারে মির্জাপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।