সাইকেলে চেপে ওরা যায় বিদ্যালয়ে
প্রধান সড়কের পাশেই বিদ্যালয় ভবন, পূর্ব-পশ্চিমে লম্বা। সামনে ঘাসের চাদর-বিছানো সবুজ মাঠ। সেখানে নানা বনজ ও ফলদ গাছ। ছায়াময় পরিবেশ। বাইরে শ্রাবণের খরতাপ ঝলসে দিতে চাইছে। ঠিক সকাল ১০টা, বিদ্যালয়ের সামনে এসে সাইকেল থেকে নামল লাল জামা-পরা ১২-১৩ বছরের এক কিশোরী। ক্যারিয়ারে রাখা বই-খাতা। রোদেপোড়া মুখ বেয়ে নামছে ঘামের স্রোত। হাসতে হাসতে অনায়াসে ভারী সাইকেলটি দুই হাতে চ্যাংদোলা করে তুলে লোহার গেট পেরিয়ে ঢুকে গেল বিদ্যালয়ে। তার পেছনে আরেকজন। তারপর একে একে আরও অনেকে। ক্রমে দীর্ঘ হতে থাকে সাইকেলের সারি। অনেক দূর থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছে ওরা। প্রত্যন্ত গ্রামের এই দৃশ্য বড়ই বিস্ময় জাগায় শহুরে অনভ্যস্ত চোখে।জেলা সদর নীলফামারী থেকে ২৬ কিলোমিটার দূরের গ্রাম কিশোরগঞ্জ। একেবারেই প্রত্যন্ত জনপদ। উপজেলা সদরের সঙ্গে এখনো যোগাযোগের একটিমাত্র পাকা রাস্তা। তবে এই অজপাড়াগাঁয়ে উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৯৩৯ সালে, কিশোরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাত্রীদের কারও বাড়ি পাঁচ কিলোমিটার, কারও বা ৮ থেকে ১০-১৫ কিলোমিটার দূরে। এমনকি ১৯ কিলোমিটার দূূর থেকেও আসে কেউ কেউ। এতটা পথ রোজ হেঁটে আসা অসম্ভব, তাই তারা সাইকেলে সওয়ার। তার পরও রোজ ১৫ থেকে ২০ কিলোমিটার পথ সাইকেল চালানো সহজ নয়। কারণ, মাটির এবড়োখেবড়ো পথে কষ্টের শেষ নেই। এসবের পরে আবার আছে সামাজিক কিছু বিড়ম্বনা। কিন্তু কোনো কিছুই দমাতে পারে না ওদের। সপ্তম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকার কথায় ফুটে উঠল বিড়ম্বনার কাহিনি। ‘প্রথম প্রথম সাইকেলে এলে গ্রামের মুরব্বিরা বলতেন, মাইয়া মানুষ হইয়া ছেলেদের মতো সাইকেল চালাইতেছ!’ বলল আয়েশা। এখন অবশ্য তাদের আর এসব গঞ্জনা সহ্য করতে হয় না। কিশোরগঞ্জ বিদ্যালয়ের ছাত্রীদের সাইকেল চালানো এখন মুরব্বিদের চোখে সাধারণ ঘটনা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম শোনালেন দূর গ্রামের ৮৪ ছাত্রীর সাইকেলে আসা-যাওয়ার কথা। বিদ্যালয়ের প্রাঙ্গণে সাইকেল রাখার সুব্যবস্থা করা হয়েছে। তিনি জানালেন, যাতায়াতের অসুবিধার কারণে অনেক মেয়ে বিদ্যালয়ে আসতে পারে না। ওদের একটি করে সাইকেলের ব্যবস্থা করলে পুরো এলাকার চিত্রটা আরও পাল্টে যেত। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার সময় সেখানে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক প্রকৌশলী। বিদ্যালয়ের নির্মাণকাজ তদারকিতে এসেছিলেন। ছাত্রীদের সাইকেলে স্কুলে আসার কথা উঠতেই বললেন, ‘নারীদের পিছিয়ে-পড়া নিয়ে রাজধানীতে বসে যাঁরা সভা-সেমিনার করেন, তাঁদের কাছে প্রত্যন্ত গ্রামের এই কিশোরীরা নিশ্চয়ই বিস্ময়!ওই সেই লাল জামা-পরা মেয়েটি, মাহফুজা আক্তার, পড়ে ষষ্ঠ শ্রেণীতে। বাবা আশরাফুল ইসলাম ঢাকায় নিটিং কারখানায় চাকরি করেন। বিদ্যালয় থেকে আট কিলোমিটার দূরে পূর্ব কালিকাপুরে ওদের বাড়ি। সেখান থেকে প্রতিদিন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসে সে। মাহফুজা বলল, তার বড় দুই বোন সাথী ও শম্পা পড়ে দশম ও সপ্তম শ্রেণীতে। তিন বোনই বিদ্যালয়ে আসে সাইকেল চালিয়ে। সাইকেলে আট কিলোমিটার আসতে মাহফুজার সময় লাগে ৪০ মিনিট। আসার সময় রোদে কষ্ট হয়। ফেরার সময় বেলা পড়ে এলে আরামেই যাওয়া যায়। তবে বৃষ্টি হলেই মুশকিল। বিদ্যালয়ে আসা বন্ধ। মাহফুজার কথায়, ‘ভিজতে ভিজতে এতটা পথ তো আর আসা যায় না?’ সাইকেল চালানো শিখলে কীভাবে, এ প্রশ্ন করতেই লাজুক হেসে সে বলল, ‘বাড়ির আঙিনায় দুই মাস ধরে চেষ্টা করে। এরপর সাড়ে চার হাজার টাকায় মা এই সাইকেল কিনে দিয়েছেন।’মাহফুজার সহপাঠী লতা রানীর বাড়ি বিদ্যালয় থেকে ১১ কিলোমিটার দূরে, গারাগ্রামের ভাইজানপাড়ায়। বাবা কৃষিকাজ করেন। লতা জানাল, সাইকেলে দেড় ঘণ্টা লাগে বিদ্যালয়ে আসতে। গ্রামের তিন কিলোমিটার রাস্তা পাকা। বাকিটুকু মাটির। বৃষ্টি হলে কাদা-পানিতে বেহাল অবস্থা। সাইকেল চালানোই মুশকিল হয়ে পড়ে। তখন হেঁটে আসতে হয়, নয়তো বিদ্যালয়ে আসা সেদিনের মতো বন্ধ। সাত কিলোমিটার দূরের নিতাইপাড়া থেকে বিদ্যালয়ে আসে হাবিবা। তার মতো জান্নাতি আক্তার, কুলসুম, আমেনা, রেশমি, জাকিয়া, সুলতানা—সবাই আসে দূর দূর গ্রাম থেকে সাইকেল চালিয়ে। সাইকেল চালানোর কিছু বাড়তি সুবিধাও আছে। হাবিবা বলল, ‘সাইকেলে এলে বখাটেরা উপদ্রব করতে পারে না। তবে রাস্তা দিয়ে চলার সময় কেউ কেউ টিটকারি মারে, শিস দেয়।’ তবে এসবের পাত্তা দেয় না ওরা। ‘কে কী বলল, তা নিয়ে আমাদের ভাবার সময় নেই।’ সোজাসাপ্টা জবাব জান্নাতি আক্তারের। প্রধান শিক্ষক গোলাম আজম বললেন, ‘যারা সাইকেলে করে স্কুলে আসে, তাদের ঝরে পড়ার হার খুবই কম। গ্রামের রাস্তায় সাইকেল চালানো এসব মেয়ে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। কঠিন পরিশ্রম করতে করতে তাদের মনোবল বেড়ে যায়। স্কুলে এদের ফলও ভালো।’ পাঁচ কিলোমিটার দূরের বাজেডুমুরিয়া গ্রাম থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসা নুসরাত জাহান এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার ছোট বোন শাহনাজ পারভিন এখন বোনের সাইকেলে করে স্কুলে আসছে। সেও ভালো ছাত্রী। ১৯ কিলোমিটার দূরে মাগুরা থেকে সাইকেল চালিয়ে আসা-যাওয়া ছাত্রীটিকে দেখার ইচ্ছা ছিল। কিন্তু সেদিন কেন জানি সে বিদ্যালয়ে আসেনি। শ্রেণীকক্ষে খোঁজ নিয়ে প্রধান শিক্ষক বললেন, ‘আজ মেয়েটি আসেনি।’ আর কথা হলো না তার সঙ্গে। শিক্ষার বিরাট জগতে গ্রামের মেয়েদের এগিয়ে যাওয়ার এই অদম্য কাহিনির একটি পার্শ্বচরিত্র আপাতত অজানাই থেকে গেল।