‘সারা দেশে বৃক্ষ উজাড় করার উৎসব চলছে, যা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িযেছে। তাই বৃক্ষ নিধন বন্ধই দেশের জলবায়ু পরিবর্তন রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।’ এই আহ্বান জানিয়ে সাইকেল চালিয়ে দেশ ভ্রমণ শেষ করলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কলাবাড়িয়া গ্রামের যুবক রামকৃষ্ণ মণ্ডল। চার হাজার ৬৯৫ কিলোমিটার পথ অতিক্রম করে ১১ মে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে পৌঁছে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর দেশ ভ্রমণ শেষ হয়। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র। তাঁর বাবার নাম মনোরঞ্জন মণ্ডল।রামকৃষ্ণ গত বছরের ১৫ ডিসেম্বর এই স্লোগান নিয়ে দেশব্যাপী প্রচারণার লক্ষ্যে সাইকেল ভ্রমণে বের হন। পিরোজপুর জেলা থেকে যাত্রা শুরু হয়ে শেষ হয় মেহেরপুরের মুজিবনগরে। ভ্রমণকালে প্রায় সাড়ে ছয় হাজার গ্রাম ঘুরেছেন। এ সময় বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বৃক্ষসম্পদ রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রচারণা ও সচেতনতা কার্যক্রম চালান।এই ফাঁকে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সাক্ষাৎ করে জলবায়ু পরিবর্তন ও তাঁর দেশ ভ্রমণ নিয়ে তাঁদের মন্তব্য নিজস্ব ডায়েরিতে লিপিবদ্ধ করেন। এ নিয়ে একটি বই প্রকাশের পরিকল্পনাও আছে তাঁর।মেহেরপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘রামকৃষ্ণ মণ্ডলের এই দেশ ভ্রমণ জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধিতে যদি আংশিক ভূমিকাও রাখে, তা দেশের জন্য অনেক মঙ্গল বয়ে আনব। এই দেশ ভ্রমণ রামকৃষ্ণ মণ্ডলের মনে যেমন আনন্দ দিয়েছে, তেমনি অসংখ্য যুবককে ভালো কিছু করার সাহস জুগিয়েছে।’