যানজটে আটকা পড়ে গাড়ি বা বাসযাত্রীরা যখন খাবি খায়, তখনই স্বচ্ছন্দে পাশ কাটিয়ে নিজ গন্তব্যে ছোটে দুই চাকার বাইসাইকেল। পরিবেশটাকে বাঁচিয়ে নির্মল আনন্দে নিজের খেয়ালখুশিমতো যেদিকে খুশি সহজেই চালানো যায় বলে বোধ হয় নগরে দিনে দিনে বাড়ছে বাইসাইকেল। যানজটের এই নগরে সাইকেল যতই আশীর্বাদ হয়ে থাকুক না কেন, নগরকর্তারা কিন্তু তাদের কথা একেবারেও ভাবছেন না। নগরে তাই তিন লাখের বেশি সাইকেল থাকলেও কোনো রাস্তায়ই নেই সাইকেলের জন্য পৃথক লেন, নেই সাইকেল রাখার জন্য নির্ধারিত কোনো স্থানও।সকাল ছয়টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কথা হচ্ছিল এটিএম বুথের নিরাপত্তাকর্মী আরিফ জোবায়েরের সঙ্গে। বছর চারেক ধরে সকালে বাসা থেকে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে কর্মস্থলের উদ্দেশে সাইকেলে চাপেন তিনি। সময় বাঁচিয়ে দ্রুত নিজের কর্মস্থলে পৌঁছানোর জন্য আরিফের মতো সাইকেল ব্যবহার করেন নগরের অনেক কর্মীই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও রয়েছে অসংখ্য সাইকেল। জিয়াউর রহমান হলের ৪০৯ নম্বর কক্ষের বাসিন্দা সুমন মিয়া বলছিলেন, ‘আমি সাইকেলে চেপে প্রতিদিন দুইটা টিউশনি করতে যাই। একটা এলিফ্যান্ট রোডে, আরেকটা জিগাতলায়।’নগরে সাতসকালেই সাইকেল নিয়ে রাস্তায় নামেন পত্রিকার হকারেরা। আসাদগেটের সামনের সংবাদপত্র বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রায় ৫০-এরও বেশি সাইকেল সারি সারি দাঁড় করিয়ে রাখা। নিজ নিজ পত্রিকাগুলো গুনে নিয়ে তাঁরা প্যাডেল মারেন সাইকেলে। শহরের ব্যস্ততা বাড়ার আগেই দুই চাকায় চেপে তাঁরা পৌঁছে দেন সকালের চায়ের সঙ্গী একটি ঝকঝকে পত্রিকা।ঢাকা সাইক্লিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের মতে, নগরে বর্তমানে তিন লাখের বেশি সাইকেল রয়েছে। দুই চাকার এই অযান্ত্রিক যানটি একই সঙ্গে পরিবেশবান্ধব এবং দ্রুতগতিরও বটে। তেমনটিই বলছিলেন রামপুরার বাসিন্দা ইয়াসিন আলী, ‘তেজগাঁও রেলস্টেশন থেকে আমি রামপুরা বাজার আসি সাইকেলে মাত্র ১০ মিনিটে। অন্য কোনো যান কি পারবে এত দ্রুত আমাকে পৌঁছাতে?’নগরের অনেকেই অবশ্য শরীরচর্চার অংশ হিসেবে সাইকেল চালিয়ে থাকেন। বিকেলে বা সকালে ধানমন্ডি, গুলশান কিংবা উত্তরার দিকে গেলেই সাক্ষাৎ হবে একাধিক স্বাস্থ্যসচেতন সাইকেল আরোহীর সঙ্গে। সাইকেল চালানোর এই সুফল সম্পর্কে জানালেন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ রহমান। তিনি একটি গবেষণার ফলাফল জানিয়ে বলেন, প্রতিদিন ৩০ মিনিটি সাইকেল চালালে মুটিয়ে যাওয়ার ঝুঁকি কমানো যায় ৫০ শতাংশ, উচ্চরক্তচাপের ঝুঁকি কমে ৩০ শতাংশ, হূদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে আসে ৫০ শতাংশ।ঢাকা সাইক্লিং ক্লাবের আজহারুল ইসলাম বলছিলেন, বছরখানেক আগে তাঁরা সাইকেলের জন্য পৃথক লেন চালু করার দাবি নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু তাঁদের সেই দাবির প্রতি সরকার কর্ণপাতও করেনি। তাঁর মতে, এই নগরে সাইকেল চালানোর ক্ষেত্রে অন্যতম বাধা সাইকেলের লেন না থাকা। গাড়ি বা মোটরসাইকেল রাখার জন্য পার্কিং থাকলেও সাইকেল সেদিক থেকে একেবারেই বঞ্চিত। ৫৫ দিনে বাংলাদেশের ৬৪ জেলায় সাইকেলভ্রমণ করে আসা শরীফ জানালেন, পার্কিংয়ের জায়গা না থাকায় অনেক সময়ই সাইকেল চুরি হয়ে যায়।সাইকেলের প্রতি আমাদের উচ্চবিত্ত সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন বলে মনে করেন দৃক গ্যালারির পরিচালক শহিদুল আলম। নগরে নিয়মিত সাইকেল চালানো এই খ্যাতনামা আলোকচিত্রী বলেন, সাইকেল শুধু নিম্নবিত্ত মানুষের বাহন নয়। যানজটের রাস্তায় একটা ঢাউস গাড়ি নিয়ে রাস্তা দখল করে রাখার চেয়ে দুই চাকায় প্যাডেল মেরে অনেক আগেই গন্তব্যে পৌঁছানো যায়। তবে সাইকেলের জন্য অবশ্যই আলাদা লেন প্রয়োজন।ঢাকার রাস্তায় সাইকেলের লেন চালু করা প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক শামসুল হক বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে পাবলিক ট্রান্সপোর্টকে উৎসাহিত করা হয়। পাবলিক ট্রান্সপোর্টের সঙ্গেই সামঞ্জস্য রেখে উৎসাহিত করা হয় সাইকেলের মতো পরিবেশবান্ধব যানকে। যেহেতু ঢাকার পরিবহন খাত নিয়ে তেমন একটা সুপরিকল্পনা করা হয়নি, তাই এই শহরে সাইকেলের লেন চালু করা হবে কি না বা আদৌ সরকার চালু করবে কি না, সে ব্যাপারে আমি সন্দিহান।’নগরের সাইকেলওয়ালাদের জন্য আলাদা কোনো লেন করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনাবিদ মো. জহুরুল হক বলেন, ‘সাইকেলের জন্য আলাদা কোনো লেন করার সিদ্ধান্ত আমরা একা নিতে পারব না। তবে প্রধান সড়কে না হলেও ধানমন্ডি, গুলশান, উত্তরা, বসুন্ধরার মতো আবাসিক এলাকা যেখানে আছে, সেসব জায়গায় সাইকেল চলাচলে উৎসাহিত করা যেতে পারে।’ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমান জানান, ঢাকার রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেন করার পরিকল্পনা তাঁদেরও রয়েছে। ঢাকার যান ব্যবস্থাপনা নিয়ে কৌশলগত পরিবহন পরিকল্পনায়ও (এসটিপি) অযান্ত্রিক যানের লেন তৈরি বাবদ এক কোটি মার্কিন ডলার বরাদ্দ ছিল। কিন্তু কৌশলপত্র বাস্তবায়নের প্রক্রিয়ায় এসটিপির প্রণেতারা বিষয়টি বাদ দিয়ে যান।