সাইদ এস্কান্দারের মরদেহ আসছে বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ভাই সাইদ এস্কান্দারের (৫৯) মরদেহ আগামী বুধবার দেশে পৌঁছাবে। তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রোববার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। তিনি বেশ কিছুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সাইদ এস্কান্দার ফেনী জেলা বিএনপির সভাপতি ছিলেন। খবর নিউজওয়ার্ল্ডের।সাইদ এস্কান্দারের নিউইয়র্ক-প্রবাসী ভাগনে শাহরিয়ার হক ডন তাঁর মামার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, সাইদ এস্কান্দার মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রেখেছেন। শাহরিয়ার হক বলেন, আজ সোমবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা শেষে সাইদ এস্কান্দারের মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হবে। আগামী বুধবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে মরদেহ ঢাকা পৌঁছার কথা। সাইদ এস্কান্দারের মুত্যুর খবর পেয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তাঁদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, গুলজার হোসেন, মোস্তফা কামাল পাশা, শরাফত হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দীন, কাজী আজম, খালেক আকন্দ, আমানত হোসেন, আমিনুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ প্রমুখ।ফেনী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সাইদ এস্কান্দারের মৃত্যুতে ফেনী জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জানান, এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কালো ব্যাজ ধারণ, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।সাইদ এস্কান্দারের মৃত্যুতে ফেনী-৩ আসনের সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবেদীন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম শোক প্রকাশ করেছেন।