সাইদ দ্বিতীয় দফায় এক দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় স্বামী হাসান সাইদকে দ্বিতীয় দফায় এক দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুই দিনের রিমান্ড শেষে আজ রোববার তাঁকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।এরই পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামি সাইদ কী কারণে এবং কার পরামর্শে রুমানাকে হত্যার চেষ্টা করে গুরুতর জখম করেছেন, তা জানার জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনার সময় কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না, তাও জানা প্রয়োজন। এ কারণে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী। গত বৃহস্পতিবার একই আদালত হাসান সাইদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে কেন গ্রেপ্তার করা হয়নি জানতে চেয়ে হাইকোর্ট গত বুধবার রুল জারি করেছিলেন। এর তিন ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদায় আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।৫ জুন রাজধানীর ধানমন্ডিতে রুমানা তাঁর বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন। রুমানার দুই চোখে আঙুল ঢুকিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। কামড়ে নাকের ডগা ছিঁড়ে ফেলা হয়। ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিত্সার পর মঙ্গলবার তাঁকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেওয়া হয়। আজ তাঁর দেশে ফেরার কথা। ভারতের শংকর নেত্রালয় এবং পদুচেরির অরবিন্দ আই সেন্টারের চিকিত্সকেরা বলেছেন, রুমানার চোখের জন্য এ মুহূর্তে তাঁদের কিছু করার নেই। রুমানাকে এ জন্য দেশে ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানান।