রাজধানীর হাতিরপুলে কিশোরীর ২৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাইদুজ্জামান ওরফে বাচ্চুকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সাইদুজ্জামানকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে তিনি তরুণীকে হত্যা ও লাশ টুকরা করার বীভৎস বিবরণ দেন। তিনি দাবি করেন, রাত সাড়ে আটটার দিকে মেয়েটিকে নিয়ে তাঁর অফিসে ঢোকার পর লোকজনের কাছে ধরা পড়ার ভয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তদন্তে পাওয়া তথ্য ও সাইদুজ্জামানের স্বীকারোক্তির ভিত্তিতে ডিবি পুলিশ জানায়, ওই কিশোরীর নাম রুমি (১৫)। গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার গাজীপুর কাজীপাড়া এলাকায়। সাইদুজ্জামানের (৩৫) বাড়ি একই জেলার মধুখালীর বকশিচাঁদপুরে। সাইদুজ্জামান হাতিরপুলের নাহার প্লাজার সোনালি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক। পরিবার থেকে বিচ্ছিন্ন সাইদুজ্জামান অফিসেই থাকতেন বলে দাবি করেন। গত শনিবার রাজধানীর হাতিরপুলের গলি, বাড়ির ছাদ ও নাহার প্লাজা থেকে ওই কিশোরীর ২৬ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। একই সময় পুলিশ সাইদুজ্জামানকে তাঁর দপ্তর থেকে এবং আরও ছয়জনকে ওই দপ্তরের নিচতলার আবাসিক হোটেল থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সাইদুজ্জামান হত্যার কথা স্বীকার করেন। গতকাল সাইদুজ্জামান সাংবাদিকদের কাছে দাবি করেন, দু-তিন বছর আগে মুঠোফোনে কিশোরী রুমির সঙ্গে তাঁর পরিচয় হয়। গত শুক্রবার সন্ধ্যার দিকে তিনি মিরপুর ১০ নম্বর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে রুমিকে নিয়ে আসেন তাঁর কার্যালয়ে। তাঁর দাবি, রুমে ঢোকার সময় মার্কেটের কিছু লোক তাঁদের দেখে ফেলে। ‘মেয়ে নিয়ে রুমে ঢোকায়’ ভর্ৎসনা ও বিয়ে করিয়ে দেওয়ারও হুমকি-ধমকি দিতে থাকে তারা। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তাই কোনো প্রমাণ না রাখার জন্য মেয়েটিকে গলা টিপে হত্যা করে বাথরুমে ঢুকিয়ে রাখেন। তাঁর দাবি, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল না। কিন্তু একপর্যায়ে সাইদুজ্জামান স্বীকার করেন, দৈহিক সম্পর্ক গড়ার পর তিনি ওই কিশোরীকে গলা টিপে হত্যা করে লাশ টুকরা টুকরা করে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলেন এবং কিছু অংশ বাথরুমের কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেন। সাইদুজ্জামানের দাবি, তিনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। খুন করার পর পালিয়ে যাননি কেন, জানতে চাইলে সাইদুজ্জামান দাবি করেন, লোকজন বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ায় তিনি পালাতে পারেননি। প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মনিরুল ইসলাম বলেন, হত্যার আগে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং লাশ গোপন করার চেষ্টার অভিযোগে দণ্ডবিধির ২০১ ধারায় সাইদুজ্জামানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। রিমান্ডে তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। মনিরুল ইসলাম বলেন, আটক অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি জানান, রুমিরা পাঁচ ভাইবোন। রুমি মা-বাবার তৃতীয় সন্তান। তার বাবা মারা গেছে। মা বাসাবাড়িতে কাজ করেন। রুমির তিন বোন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। রুমিও চাকরি করতে ঢাকা এসেছিল। সাইদুজ্জামানের বাড়ি মধুখালী। তবে গ্রামের বাড়িতে তাঁর খুব বেশি যাতায়াত ছিল না।