সাইদুর গ্রেপ্তার হওয়ায় জেএমবি বিপর্যস্ত হয়ে পড়বে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, গত রোববার রাতে রাজধানীর দনিয়া এলাকার একটি গোপন আস্তানা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমান ওরফে জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। মাওলানা সাইদুর গ্রেপ্তার হওয়ায় জেএমবি বিপর্যস্ত হয়ে পড়বে। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর মতো সামর্থ সংগঠনটির আর নেই। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে গ্রেপ্তার হওয়া সাইদুরকে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করে সংবাদ সম্মেলন করেন আইজিপি। তবে সাইদুরকে প্রশ্ন করতে সাংবাদিকদের সুযোগ দেওয়া হয়নি। নূর মোহাম্মদ জানান, পুলিশের বিশেষ শাখার জঙ্গি দমন-সংক্রান্ত গোয়েন্দা দল সাইদুরকে গ্রেপ্তার করে। এছাড়া ওই সময় আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে জেএমবির আরও তিন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—জেএমবির সামরিক শাখার সমন্বয়ক আমির হোসেন ওরফে শরীফ, এহসার সদস্য আব্দুল্লাহ হেল বাকী ও নূর হোসেন ওরফে সবুজ। এছাড়া অভিযানকালে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ পিস্তল, তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম, আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে তৈরি বিস্ফোরক বেল্ট, পুস্তিকা ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে। আইজিপি জানান, গত রোববার রাতে দনিয়া থেকে গ্রেপ্তার আহত শিপলুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সাইদুরের হদিস পায়। প্রসঙ্গত, সাইদুরের বাড়ি হবিগঞ্জে। তাঁর বড় ছেলে শামীম জেএমবির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং তথ্যপ্রযুক্তি শাখার প্রধান ছিলেন। তাঁর ছোট ছেলে আবুল বাশার জেএমবির অর্থ বিভাগের দায়িত্বে আছেন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর সংগঠনের হাল ধরেন সাইদুর রহমান। ২০০৭ সালে শায়খ আবদুর রহমানসহ জেএমবির শীর্ষ কয়েকজন নেতার ফাঁসি হওয়ার পর সাইদুর রহমান আনুষ্ঠানিকভাবে দলের আমিরের পদ নেন এবং হাত দেন সংগঠন পুনর্গঠনের কাজে।