সাইদুরকে গ্রেপ্তার করায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমানকে গ্রেপ্তার করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতেও বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সচিব রবার্ট কে ব্ল্যাক গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতেও সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিকাশে বাংলাদেশের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে। ব্ল্যাক বলেন, ‘ঢাকায় জেএমবি নেতা সাইদুর রহমানকে গ্রেপ্তার করায় আমরা বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই।’ বিবৃতিতে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘২০০৫ সালের আগস্টে দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলাসহ বাংলাদেশের বিচারক, পুলিশ ও সাধারণ লোকজনের ওপর অনেকগুলো সহিংস হামলার জন্য দায়ী জেএমবি। অনেক নিরপরাধ লোকজন তাদের ওই নৃশংস হামলার বলি হয়েছে।’ তিনি বলেন, শীর্ষ পর্যায়ের সন্ত্রাসীদের গ্রেপ্তারের ক্ষেত্রে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নতুন সাফল্য। কারণ, এসব সন্ত্রাসী দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যের জন্য হুমকি সৃষ্টি করেছে। প্রসঙ্গত, তিন সহযোগী ও তৃতীয় স্ত্রীসহ সাইদুরকে গত ২৪ মে রাজধানীর পূর্ব দনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।