সাইদের বানোয়াট কথা বিশ্বাস করবেন না: রুমানা মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওর (হাসান সাইদ) বানোয়াট কথা বিশ্বাস করবেন না। ওর বিচার নিশ্চিত করুন। ওকে শাস্তি দিন।’ এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মনজুর তাঁর স্বামী হাসান সাইদের বিচার চাইলেন। আজ মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বামীর নির্যাতনের শিকার রুমানা সবার প্রতি এ দাবি জানান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমানা বলেন, ‘বিয়ের পর থেকে প্রায়ই সে নির্যাতন করত। পরে আবার হাত-পা ধরে মাফ চাইত। ওকে আমি বিশ্বাস করতাম। ভালোবাসতাম।’ রুমানা মনজুরের বাবা মনজুর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ভারতের চিকিত্সকেরা জানিয়েছেন রুমানার দুটি চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে। অলৌকিক কিছু ঘটলে ভালো হয়ে যেতে পারে। তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া চান। এ বিপদের দিনে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সাংবাদিকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ‘নিজেরা করি’র প্রধান খুশী কবির বলেন, নিজেকে বাঁচানোর জন্য রুমানার নামে নানা অপপ্রচার চালাচ্ছেন সাইদ। সংবাদ সম্মেলন অভিনেত্রী সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আমেনা মহসীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরীন প্রমুখ উপস্থিত ছিলেন।