সাইনবোর্ড থেকে ডিগ্রি মুছছেন ভুয়া চিকিৎসকেরা
চট্টগ্রামে ভুয়া চিকিৎসকদের কেউ কেউ সাইনবোর্ড থেকে ‘ডাক্তার’ শব্দটি ও ‘ডিগ্রি’ মুছে ফেলা শুরু করেছেন। আবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভয়ে কেউ কেউ রোগী দেখাও বন্ধ করে দিয়েছেন।আজ মঙ্গলবার প্রথম আলোতে ‘চট্টগ্রামে সহস্র ভুয়া চিকিৎসক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর কয়েকটি স্থানে এই চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা গেছে, আনোয়ারা উপজেলার সেন্টার এলাকার চিকিৎসক মো. ইমরান হোসেনের চেম্বারের সাইনবোর্ড থেকে এমবিবিএসসহ বিভিন্ন ডিগ্রির লাইনটি মুছে দেওয়া হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত তাঁর চেম্বারের সামনে একটি টিনের সাইনবোর্ড ও একটি দেয়ালে লেখা সাইনবোর্ড ছিল। আজ দেখা গেছে, টিনের সাইনবোর্ডটি খুলে ফেলা হয়েছে। দেয়ালের সাইনবোর্ড থেকে ডিগ্রির লাইনটি মুছে দেওয়া হয়। তবে নামের আগে লেখা ‘ডা.’ শব্দটি তিনি এখনো মুছে ফেলা হয়নি। গতকাল তিনি চেম্বারে যাননি।আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে তৌহিদুল করিমের সাইনবোর্ডটি এখনো অন্যান্য চিকিৎসকের পাশাপাশি লাগানো রয়েছে। এ প্রসঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, অনেক চিকিৎসকের সঙ্গে একই বোর্ডে লেখা, বিধায় তাৎক্ষণিকভাবে তা অপসারণ করা সম্ভব হয়নি।এদিকে নগরের আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকার মো. হারুনের চেম্বার জনকল্যাণ ফার্মেসির এক পাশের দরজা আজ বন্ধ ছিল। ওই পাশটার ভেতরে কাচের ওপর তাঁর নামের পাশে বিভিন্ন ডিগ্রি লেখা ছিল। বিকেল পর্যন্ত তাঁকে চেম্বারে দেখা যায়নি।তবে নগরের মোগলটুলী বাজারের ইডেন ফার্মেসির চিকিৎসক অরুণ কুমার রায় আজও চেম্বারে ছিলেন। তাঁর সাইনবোর্ডে আগের মতোই, এমবিবিএসসহ অন্যান্য ডিগ্রি লেখা রয়েছে।এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘পত্রিকার প্রতিবেদন ও আমাদের অভিযানের কারণে অনেকে এখন নিজেদের ডিগ্রি মুছে ফেলছেন। তবে যদি ডিগ্রি মুছে ডাক্তারও লেখা হয়, তা-ও আমরা তাঁদের শাস্তির আওতায় আনব।’