ঢাকার সাভারের আশুলিয়ায় জিয়া পরিবারের জমির স্থাপনাসহ আশপাশের তিন শতাধিক স্থাপনা উচ্ছেদের পর গতকাল বৃহস্পতিবার সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন জমির প্রকৃত মালিকানার দাবিদারেরা। আশুলিয়া থানার মির্জানগর এলাকার রামচন্দ্রপুর মৌজায় স্থানীয় প্রশাসনের সহায়তায় গত বুধবার এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।গতকাল ওই এলাকায় গিয়ে দেখা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কেনা জমিসহ সব জমি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে জমির প্রকৃত মালিকানার দাবিদারেরা স্থানে স্থানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। জিয়াউর রহমানের কেনা জমিতে লাগানো সাইনবোর্ডটিতে জানানো হয়েছে, রামচন্দ্রপুর মৌজার ৫২ শতাংশ জমির প্রকৃত মালিক কিশোরগঞ্জ সদর উপজেলার আলোর মেলা গ্রামের পুরাতন কোর্ট রোডের বাসিন্দা মর্তুজ আলীর ছেলে মো. আক্কাস আলী। ঢাকার তৃতীয় সহকারী জজ আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় জমির দখল নেওয়া হয়েছে। এই ৫২ শতাংশ জমির মধ্যেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কেনা প্রায় ১৮ শতাংশ জমিও রয়েছে। জিয়া পরিবারের আইনজীবী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আহমেদ আজম খান বলেন, ‘১৯৭৩ সালে জিয়াউর রহমান তাঁর স্ত্রীর নামে এই জমি কেনেন। সাবেক একজন সেনাপ্রধানও ওই সময় প্রায় ১৮ শতাংশ জমি কেনেন। বছর দশেক আগে জিয়া পরিবারের জমির ওপর পাকা ভবন নির্মাণ করে তা ভাড়া দেওয়া হয়। কোনো নোটিশ ছাড়াই ওই জমির ওপর নির্মিত স্থাপনা বুধবার ভেঙে দেওয়া হয়েছে।’আহমেদ আজম খান বলেন, ‘উচ্ছেদের খবর পেয়ে আমি বুধবার ঘটনাস্থলে গিয়ে সাভারের সহকারী কমিশনার (ভূমি) শরীফুজ্জামানের সঙ্গে কথা বলি। এ সময় জমির প্রয়োজনীয় সব কাগজপত্র দেখিয়ে সেখান থেকে স্থাপনা ভেঙে ফেলার প্রতিবাদ জানাই। কাগজপত্র দেখে সহকারী কমিশনার ওই জমি দখলমুক্ত রাখার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি আগামী শনিবার ভেঙে ফেলা স্থাপনার বিষয়েও কার্যকর পদক্ষেপ নেবেন বলে জানান। কিন্তু এর পরও সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে সাইনবোর্ড লাগানো হয়েছে।’ আজম খান দাবি করেন, সাবেক ওই সেনাপ্রধান এবং জিয়াউর রহমান একই মালিকের কাছ থেকে জমি কেনেন। কিন্তু সেনাপ্রধানের জমি অক্ষত রেখে জিয়াউর রহমানের জমির স্থাপনা ভেঙে ফেলে তা দখল করা হয়েছে। এটা উদ্দেশ্যমূলক। তিনি জানান, আগামীকাল শনিবারের মধ্যে ওই জমির দখল বুঝিয়ে না দেওয়া হলে জমির দখল ফিরে পাওয়াসহ ক্ষতিপূরণের দাবিতে আইনি লড়াই চালানো হবে।এ ব্যাপারে সাভারের সহকারী কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেন, ‘বুধবার আশুলিয়ার রামচন্দ্রপুর ও টাকসুট মৌজার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আদালতের নির্দেশে। আদালতের নির্দেশেই সেখানে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ।’মহিবুল হক আরও বলেন, ‘সাভারের সহকারী কমিশনার (ভূমি) শরীফুজ্জামান বিএনপির চেয়ারপারসনের আইনজীবীকে জমির দখল বুঝিয়ে দেওয়ার কথা বলে থাকলে তা ঠিক করেননি। জিয়া পরিবারকে ওই জমি বুঝিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই।’