সাইনবোর্ডে শুধু পাঠাগার ঝুলছে তালা
পাঁচ বছরের বেশি সময় ধরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় একমাত্র সরকারি গণপাঠাগারটির কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলা পরিষদের প্রাণকেন্দ্র শিল্পকলা একাডেমীর দ্বিতীয় তলায় গণপাঠাগারটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমে পাঠাগারটি ভালোভাবেই চলছিল। এখানে ছিল ছাত্র-শিক্ষক ও পত্রিকা-প্রেমীদের আড্ডা। কিন্তু রাজনীতির পালাবদলে হঠাৎ করে পাঠাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি পাঁচ বছর ধরে তালাবদ্ধ রয়েছে।সরজমিনে জানা গেছে, এর ভেতর বইপত্র, চেয়ার-টেবিল আছে কি না, কেউ বলতে পারছে না। শুধু সাইনবোর্ডে লেখা আছে ‘পাঠাগার’।উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, একসময় এ পাঠাগারটিতে বই, পত্র-পত্রিকাসহ অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান নথিপত্র সংরক্ষিত ছিল। অবসর সময়ে বইপ্রেমীরা এখানে এসে দলে দলে জড়ো হতো। কিন্তু এখন এখানে কেউ আর আসে না।এলাকার বাসিন্দা কবি নজরুল ইসলাম বলেন, ‘একসময় এ পাঠাগারে আমরা নিয়মিত বিকেলে গিয়ে বই পড়তাম। পাঁচ থেকে ছয় বছর আগেও স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও কবি-সাহিত্যিকদের পদচারণে পাঠাগারটি মুখরিত হয়ে উঠত। কিন্তু এখন দেখা যায় শুধু সাইনবোর্ডটি। চার-পাঁচ বছরের মধ্যে এ পাঠাগারটি কাউকে খুলতে দেখিনি। পাঠাগারের ভেতরে কী আছে, তা আমরা জানি না।’শাহ্ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘আমরা যখন কলেজে পড়তাম, তখন প্রতিদিন পাঠাগারে গিয়ে পত্রিকা পড়তাম। বিভিন্ন মূল্যবান বইপত্র এখানে সংরক্ষিত ছিল। কিন্তু বর্তমানে এটি তালাবদ্ধ থাকায় আমরা আর সেদিকে যাই না।’শিক্ষক নীরেশ রায় বলেন, ‘উপজেলার একমাত্র পাঠাগারটি বন্ধ থাকায় আমরা বিনা পয়সায় পত্র-পত্রিকা ও বই পড়ার সুযোগ হারিয়েছি। এখন সেগুলো আর পড়তে পারি না। কারণ এত মূল্যবান বই কিনে পড়া আমাদের পক্ষে সম্ভব নয়।’উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, ‘উপজেলার একমাত্র পাঠাগারটি পুনরায় চালু করার জন্য বারবার উপজেলা কর্মকর্তাকে অনুরোধ করেছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল হক বলেন, ‘ইতিমধ্যে শিল্পকলা একাডেমী চালু হয়েছে। পর্যায়ক্রমে গণপাঠাগারটিও চালু করার সার্বিক ব্যবস্থা নেব।’