সাইফ আল-আদেল আল-কায়েদার অন্তর্বর্তীকালীন প্রধান
আল-কায়েদার জ্যেষ্ঠ সামরিক নেতা সাইফ আল-আদেলকে সংগঠনটির অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন আল-কায়েদার অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানে, এমন একটি সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে। দুই দশক ধরে আল-কায়েদার নেতৃত্ব সম্পর্কে ওয়াকিবহাল লিবিয়ার সাবেক জঙ্গি নেতা নোমান বেনোতমান সিএনএনকে জানান, মিসরের বিশেষ বাহিনীর এক সময়কার কর্মকর্তা সাইফ আল-আদেলকে আল-কায়েদার অন্তর্বর্তীকালীন নেতা হিসেব নিয়োগ দেওয়া হয়েছে। নোমান আল-কায়েদার সহযোগী লিবিয়ার ইসলামিক ফাইটিং গ্রুপের এক সময়কার নেতা ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি আল-কায়েদার আদর্শ থেকে সরে এসেছেন। আল-কায়েদার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও আলোচনার ভিত্তিতে নোমান সিএনএনকে জানান, সাইফ আল-আদেলের এই নিয়োগ আল-কায়েদার শুরা কাউন্সিলের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়। কারণ, বর্তমান পরিস্থিতিতে শুরা সদস্যদের পক্ষে একস্থানে জড়ো হওয়া অসম্ভব। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে জঙ্গি সংগঠনটির শীর্ষ আট নেতার মধ্যে ছয়জন সিদ্ধান্তটি নেন। সাইফ আল-আদেল ওই গ্রুপটির শীর্ষস্থানীয় নেতা। তবে নোমান বলেন, আল-কায়েদার এই পদে কোনো মিসরীয়র নিয়োগ সৌদি ও ইয়েমেন আল-কায়েদার কিছু সদস্য মেনে না-ও নিতে পারেন। কারণ তাঁরা মনে করেন, ওসামা বিন লাদেনের উত্তরসূরি আরব উপদ্বীপ থেকে আসা উচিত। ওই অঞ্চল সব মুসলমানের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত। বিন লাদেনও ছিলেন সৌদি আরবের নাগরিক।প্রসঙ্গত, গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোদের অভিযানে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হন।