সাইফ-কারিনার বিয়ে নির্ভর করছে ছবি মুক্তির ওপর!
কারিনা কাপুরের সঙ্গে বিয়ের ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছুই বলছেন না সাইফ আলী খান। তবে চারদিকে জোর গুজব উঠেছে সাইফ-কারিনার বিয়ে নির্ভর করছে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘এজেন্ট বিনোদ’ ছবির ওপরই। এ ছবিটির জন্যই নাকি তাঁদের বিয়ে থেমে আছে। তা ছাড়া কয়েক দিন আগেই সাইফের বাবা পতৌদির নবাব মনসুর আলী খানের মৃত্যু হয়েছে। কিছুদিন আগে সাইফ অবশ্য আগামী বছরের শুরুর দিকেই কারিনাকে বিয়ের কথা জানিয়েছিলেন। আর তা ফেব্রুয়ারি মাসেই। কারিনা অবশ্য বরাবরই ২০১২ সালেই বিয়ে করার কথা বলে আসছেন। কিন্তু বর্তমানে তাতেও সন্দেহ দেখা দিয়েছে।সাইফের মা শর্মিলা ঠাকুর জানান, তাঁর ছেলে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন। তবে সেটা নির্ভর করছে ডিসেম্বরে এজেন্ট বিনোদ ছবির মুক্তি হচ্ছে কি না, তার ওপর। কিন্তু ছবি মুক্তির ব্যাপারটি বিলম্বিত হলে কি সাইফ-কারিনার বিয়ে স্থগিত হয়ে যাবে?সাইফ আলী খান নিশ্চিত করে বলেন, ‘আমি ও কারিনা আগামী বছরই বিয়ে করব। এ বছরের ডিসেম্বরে এজেন্ট বিনোদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তারপরই বিয়ে হবে। তবে ছবি মুক্তিতে দেরি হলে সে ক্ষেত্রে বিয়েও পিছিয়ে যাবে।’ সাইফ বলেন, ‘কারিনা নিঃসন্দেহে খুবই চমত্কার ও উপযুক্ত একটি মেয়ে। আমার পরিবারের সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। তা ছাড়া আমরা দুজন দুজনের বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকি। সর্বোপরি আমি কারিনার সঙ্গে সময় কাটাতেও বেশ পছন্দ করি। আমরা এখন বিয়ের দিকেই এগিয়ে যাচ্ছি।’জানা গেছে, সাইফ-কারিনার বিয়ে পতৌদি পরিবারের রীতি অনুযায়ীই হবে। আর তাতে বর-কনের বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনেরাই অংশ নেবে।এদিকে দুজনের বিয়ের নানা ধরনের প্রস্তুতি উভয় পরিবারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। সম্প্রতি বিয়ের পোশাক তৈরি করতে কারিনা নয়াদিল্লি গেছেন বলেও জানা গেছে। বিয়ের পোশাকের ডিজাইন করবেন হবু শাশুড়ি শর্মিলা ঠাকুরের প্রিয় ডিজাইনার ঋতু কুমার। ভালোবাসার মানুষ কারিনার বিয়েতে উপহার দেওয়ার জন্য সাইফ আলী খান চার-পাঁচ ক্যারেটের একটি হিরের আংটি পছন্দ করেছেন। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে হিরের এই আংটিটি পছন্দ করেন সাইফ।প্রসঙ্গত, ২০০৭ সালে বলিউডের এই প্রেমিক জুটি একে অপরকে যখন ভালোবাসার কথা জানান তখনো সাইফ একটি চমত্কার হিরের আংটি উপহার দিয়েছিলেন কারিনাকে। সাইফ আলী খানের মায়ের ইচ্ছে কারিনা ও সাইফের বিয়েটা যেন রাজকীয়ভাবে হয়। টাইমস অব ইন্ডিয়া।