সাইফ-কারিনার বিয়ের খবর দিলেন শর্মিলা
পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বলিউডের বহুল আলোচিত তারকাজুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর। তাঁদের বিয়ের খবরে এখন পর্যন্ত বেশ কয়েকবারই সরব হয়েছে বলিউডের মিডিয়াপাড়া। কিন্তু তাঁদের বিয়ের সঠিক দিনক্ষণ নিয়ে সবার সংশয় আর কাটছে না। অবশ্য এবার সাইফ-কারিনা ভক্তদের আশার আলো দেখিয়েছেন সাইফের মা শর্মিলা ঠাকুর। এ বছরই সাইফ-কারিনার বিয়ের সানাই বাজবে বলে নিশ্চিত করেছেন তিনি।সম্প্রতি ভারতের প্রথম সারির একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাত্কারে সাইফ-কারিনার বিয়ের খবর নিশ্চিত করেছেন শর্মিলা। মেয়ে সোহা আলী খানের সঙ্গে বলিউডের অভিনেতা কুনাল খেমুরের বিয়ে নিয়ে সংশয় প্রকাশ করলেও এ বছর সাইফ-কারিনার বিয়ে নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই বলেই জানিয়েছেন তিনি।এ প্রসঙ্গে শর্মিলার উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘সোহা বিয়ে করবে কি না, তা আমি ঠিক করে বলতে পারছি না। কিন্তু সাইফের বিয়ের ব্যাপারে আমি ১০০ ভাগ নিশ্চিত যে তা খুব শিগগিরই ঘটতে যাচ্ছে। এখন তো প্রচণ্ড গরম আর সামনে বর্ষাকাল আসছে। আবহাওয়ার অবস্থার একটু উন্নতি হলেই বিয়ের পিঁড়িতে বসবে সাইফ ও কারিনা।’কথাপ্রসঙ্গে হবু পুত্রবধূ কারিনার অনেক প্রশংসাও করেছেন শর্মিলা। কারিনা সম্পর্কে তিনি বলেছেন, ‘সাইফ অনেক ভাগ্যবান এই কারণে যে কারিনার মতো মেয়েকে সে জীবনে পেয়েছে। জুটি হিসেবে তারা চমত্কার।’বলিউডের কাপুর খানদানের মেয়ে কারিনা এবং পতৌদির নবাব সাইফের বিয়ে নিয়ে সবার ভেতরেই ব্যাপক কৌতূহল রয়েছে। এবার তাঁদের বিয়ে নিয়ে শর্মিলা মুখ খোলায় সেই কৌতূহলের কিছুটা হলেও অবসান হলো।এদিকে বিয়ের পর অভিনয় করবেন কি না, তা নিয়েও অনেক জল্পনা-কল্পনা চলছে কারিনা ভক্তদের মধ্যে। তাঁদের জন্য সুসংবাদ হলো বিয়ের পরও নিয়মিত অভিনয় চালিয়ে যাবেন ৩১ বছর বয়সী এই তারকা। শিগগিরই ‘ককটেল’, ‘গো গোয়া গান’ ও ‘রেস ২’ ছবির কাজ শুরু করবেন ৪১ বছর বয়সী সাইফ। অন্যদিকে কারিনার হাতে রয়েছে ‘হিরোইন’ ও ‘তালাশ’ ছবির কাজ।