সাইফকে আইনজীবী দিতে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের আইনি সহায়তায় একজন আইনজীবীর নিয়োগ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউইয়র্ক-ভিত্তিক মানবাধিকার সংগঠনটির প্রতিনিধি ফ্রেড আব্রাহাম লিবিয়ার জিনতানে গত রোববার আধা ঘণ্টার জন্য সাইফের সঙ্গে সাক্ষাত্ করেন। আব্রাহাম এক বিবৃতি বলেন, ‘সাইফ জানিয়েছেন, তিনি বন্দী অবস্থায় ভালো খাবার ও চিকিত্সা সেবা পাচ্ছেন। শারীরিক বিষয়ে তাঁর কোনো অভিযোগ নেই। কিন্তু তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ না থাকায় তিনি উদ্বিগ্ন।’বিদ্রোহীদের হাতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার এক মাস পর গত ১৯ নভেম্বর গ্রেপ্তার হন সাইফ।সাইফ হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি আব্রাহামকে জানান, সরকারের কৌঁসুলি আবদেলাজিজ আল-হাসাদি ও লিবিয়া সরকারের অনেক কর্মকর্তা তাঁর সঙ্গে দেখা করেছেন। রেডক্রসের আন্তর্জাতিক একটি কমিটিও তাঁর সঙ্গে দেখা করেছেন।হাসাদি হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, ত্রিপোলিতে সাইফকে রাখা নিরাপদ হলে এবং পালিয়ে যেতে পারবেন না—এমন পরিবেশ তৈরি হলেই তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হবে।সংগঠনটি জানায়, লিবিয়ার ফৌজদারি আইনে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলাকালে ওই ব্যক্তি নিজের পক্ষে আইনজীবী নিয়োগ দিতে চাইলে রাষ্ট্র তা অনুমোদন দিতে বাধ্য। আর আন্তর্জাতিক আইনেও গ্রেপ্তার হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিবাদী চাইলে আইনজীবী নিতে পারেন। হাসাদি ওই সংগঠনকে আরও জানান, গৃহযুদ্ধের আগে সাইফ আল ইসলাম কী কী অপরাধ করেছেন তা তদন্ত করা হচ্ছে।গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি লুইস মোরেনো ওকাম্পো জানিয়েছিলেন, তাঁরা হেগের আদালতে সাইফকে হস্তান্তরের দাবি জানাবেন না। যদিও লিবিয়ায় সাইফের পুরোপুরি স্বচ্ছ বিচারের কোনো নিশ্চয়তা নেই। লিবিয়ার ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলও বারবার বলে আসছেন, তাঁরা সাইফকে হেগে হস্তান্তর করবেন না। লিবিয়াতেই তাঁকে বিচারের মুখোমুখি করা হবে।লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাদ্দাফি ও সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল-সেনুসির সঙ্গে সাইফকে অভিযুক্ত করে আইসিসি। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে আইসিসির।