সাইফুজ্জামান জয়ী, ভোটার বাড়াতে তোড়জোড়
চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। কম ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে আজ বৃহস্পতিবার এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে দিনভর আওয়ামী লীগের নেতা-কর্মীদের তোড়জোড় দেখা গেছে। কিছু কিছু কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের ওপর আওয়ামী লীগের নেতাদের চাপ সৃষ্টির অভিযোগও পাওয়া গেছে। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রার্থী হন প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী গণফোরামের উজ্জ্বল ভৌমিক। এই আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৫০ হাজার ২৫৭ জন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে উপজেলা সদরে স্থাপিত তথ্যকেন্দ্র থেকে ফল ঘোষণা করা হয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল আটটা থেকে ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু সকাল নয়টা পর্যন্ত এক ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে গড়ে ১০-১৫টি। কোনো কেন্দ্রে ভোটারদের সারি দেখা যায়নি। সাইফুজ্জামানের গ্রামের বাড়ি হাইলধর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ভোটারের সরব উপস্থিতি ছিল। তাঁর বাড়ির সামনের বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রে বেলা পৌনে দুইটা পর্যন্ত ভোট পড়ে এক হাজার ৭০৪টি। এখানে মোট ভোটার দুই হাজার ৬০৩ জন। বিপরীত চিত্র দেখা গেছে পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজ ও আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে। আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ের তিন হাজার ৬৮৫ ভোটের মধ্যে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৭৫০টি। উজ্জ্বলের বাড়ির সামনের কেন্দ্র খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৫২টি। এখানে মোট ভোটার এক হাজার ৭৩৬ জন। এই কেন্দ্রে ভোট দেন উজ্জ্বল ভৌমিক। সাইফুজ্জামান চৌধুরী আনোয়ারা সংসদীয় এলাকার ভোটার নন। তাই তিনি ভোট দিতে পারেননি। তবে সকাল ১০টার দিকে সাইফুজ্জামান বশিরুজ্জামান শিক্ষাকেন্দ্রে ভোট দেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়, যার কোনো ভিত্তি ছিল না। সাইফুজ্জামান বলেন, ‘আমি ভোটার নই। আমি ভোট দিইনি।’ আজকের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সাইফুজ্জামানের পোলিং এজেন্ট ছিল। উজ্জ্বলের পক্ষে কোনো এজেন্ট ছিল না। এ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘পোলিং এজেন্ট আমি দিইনি। এটা আমার নির্বাচনী কৌশল।’আওয়ামী লীগের চাপ: একাধিক প্রিসাইডিং কর্মকর্তা অভিযোগ করেন, দুপুরের পর কেন্দ্রে ভোটের পরিমাণ বাড়াতে আওয়ামী লীগের বিভিন্ন নেতা তত্পর হন। এ সময় তাঁরা ভোট গ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে বলেন, ‘৫০ শতাংশের বেশি ভোট না পড়লে এই নির্বাচন বাতিল হবে। তাই বেশি কড়াকড়ি করার দরকার নাই।’ এ জে চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সত্যজিত্ আচার্য প্রথম আলোকে বলেন, ‘বেলা একটার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা কিছু যুবক নিয়ে এসে তাঁদের ভোট সংগ্রহ করতে বলেন। আমি সাধ্যমতো চেষ্টা করেছি যাতে তাঁরা সফল না হন।’ শাহমিরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আবদুল খালেক নামের এক যুবককে জাল ভোট দিতে দেখা গেছে। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিলন কান্তি দাশ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আওয়ামী লীগের নেতারা জাল ভোটের ব্যাপারে চাপ দেওয়ার কারণে আমরা অসহায় হয়ে পড়েছি।’ ভোটার সংখ্যা কম হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল সরব। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও র্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের টহল ছিল জোরদার। পাঁচ হাজার নিরাপত্তাকর্মীর পাশাপাশি দুই হাজার নির্বাচনী কর্মকর্তা ভোট গ্রহণের কাজে নিয়োজিত ছিলেন।