সাইবার অপরাধ ঠেকাতে আইন দুর্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে বাংলাদেশের একজন ছোটখাটো হ্যাকার ‘শাহী মির্জা’ র‌্যাবের ওয়েবসাইট হ্যাক করেছিলেন। তিনি অবশ্য পুলিশের কাছে স্বীকার করেছেন শুধু র‌্যাবই নয়, দেশের অনেক সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সাইট তিনি অনেক দিন ধরেই হ্যাক করছেন। এমনকি তিনি সেনাবাহিনীর ওয়েবসাইটসহ মোট ২১টি ওয়েবসাইট হ্যাক করেছেন।প্রচলিত পদ্ধতির বাইরে সাইবার অপরাধীরা আজ তাঁদের বুদ্ধিদীপ্ত ও পর্যাপ্ত জ্ঞান এবং উচ্চতর বিশেষ জ্ঞান নিয়ে যেকোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করেন। ফলে কারও গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য চুরি এবং তা অবৈধভাবে বিক্রি, ব্যাংক অ্যাকাউন্টের টাকা লুট বা চুরি, সামরিক তথ্য শত্রুপক্ষকে দিয়ে দেওয়াসহ ব্যক্তি তথা রাষ্ট্রের ব্যাপক ক্ষতি করতে পারেন। কিছু কিছু আইনগত বিধিবিধান থাকলেও তা সাইবার অপরাধীদের বিলিয়ন ডলারের চুরি বা তাঁদের হামলা ও হুমকি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সম্প্রতি বাংলাদেশ আইসিটি অ্যাক্ট ২০০৬-এ যুক্ত হয়েছে। এর কয়েকটি ধারা সংশোধন হয় ২০০৯ এ । যেখানে সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড অথবা এক কোটি টাকার অর্থদণ্ড। যদিও এ আইন সাইবার অপরাধ দমনের জন্য যথেষ্ট নয়। তার পরও এ আইন ও শাস্তি সম্পর্কে সবাইকে ওয়াকিবহাল থাকা দরকার। অন্যদিকে সরকার ও আইন প্রণেতাদের এই আইনটির ধারাবাহিক সংশোধন করাতে হবে। কারণ কিছু কিছু সাইবার অপরাধের ক্ষতি সর্বোচ্চ শাস্তি কোটি টাকাকেও ছাড়িয়ে যায়, যা সাইবার অপরাধীদের বরং উৎসাহিতই করছে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুসারে অপরাধটি আমল অযোগ্য হওয়ায় পুলিশ ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারে না। এর ৫৪ ধারা অনুযায়ী কম্পিউটার, কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি, অনিষ্ট সাধন যেমন—অযাচিত ই-মেইল পাঠানো, ভাইরাস ছড়ানো বা সিস্টেমে অনধিকার প্রবেশ বা সিস্টেমের ক্ষতি করা ইত্যাদি ও এর দণ্ড ১০ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ড। ৫৫ ধারায় বলা হয়েছে, কম্পিউটার সোর্সকোড পরিবর্তন-সংক্রান্ত অপরাধ ও এর দণ্ড তিন বছর কারাদণ্ড অথবা তিন লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ড। এসব অপরাধ যেমন—কেউ ইচ্ছা বা জ্ঞাতসারে কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে ব্যবহূত সোর্সকোড গোপন, ধ্বংস বা পরিবর্তন করেন বা চেষ্টা করেন ইত্যাদি। ৫৬ ধারায় কম্পিউটার সিস্টেমের হ্যাকিং করলে শাস্তি ১০ বছর কারাদণ্ড অথবা এক কোটি টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের কথা বলা আছে। আবার ৫৭ ধারায় বলা হয়েছে, যাঁরা ইন্টারনেট বা ইলেক্ট্রনিক ফরমে মানহানিকর তথ্য, অশ্লীল বা মিথ্যা তথ্য প্রকাশ-সংক্রান্ত অপরাধ করেন, এর জন্য শাস্তি ১০ বছর কারাদণ্ড অথবা এক কোটি টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়া ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭ ধারায় ধারাবাহিকভাবে বলা হয়েছে, কম্পিউটার অথবা সিস্টেম বা নেটওয়ার্কে ব্যবহূত লাইসেন্স সমর্পণে ব্যর্থতা ও এর দণ্ড হবে অনধিক ছয় মাস কারাদণ্ড অথবা ১০ হাজার টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ড। কম্পিউটার অথবা সিস্টেম বা নেওয়ার্কের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশ লঙ্ঘনসংক্রান্ত অপরাধ ও এর দণ্ড হবে এক বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশ লঙ্ঘনের দণ্ড হবে পাঁচ বছর কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। সংরক্ষিত কম্পিউটার সিস্টেমে প্রবেশসংক্রান্ত অপরাধ ও এর দণ্ড হবে ১০ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। যদি কোনো ব্যক্তি মিথ্যা প্রতিনিধিত্ব ও তথ্য গোপনসংক্রান্ত অপরাধ করেন, তাহলে তাঁর দণ্ড হবে দুই বছর কারাদণ্ড অথবা দুই লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। আবার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে ব্যবহূত গোপনীয়তা প্রকাশসংক্রান্ত অপরাধ ও এর দণ্ড হবে দুই বছর কারাদণ্ড অথবা দুই লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। ভুয়া ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রকাশ ইত্যাদি-সংক্রান্ত অপরাধ করেন, তাহলে তাঁর দণ্ড হবে ওই সার্টিফিকেট বাতিলসহ দুই বছর কারাদণ্ড অথবা দুই লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে অপরাধ সংঘটন ও এর দণ্ড দুই বছর কারাদণ্ড অথবা দুই লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত।আর সাইবার অপরাধ বিচারের জন্য ওই আইনের অধীনে বিশেষ সাইবার ট্রাইব্যুনাল গঠন করার ব্যবস্থা রয়েছে। অভিযোগ গঠনের দিন থেকে ছয় মাসের মধ্যে মামলার বিচারকাজ সমাপ্ত করতে হবে। যেখানে রায় প্রদানের সময়সীমা যুক্তিতর্ক শেষ হওয়ার ১০ দিনের মধ্যে করার কথা রয়েছে।বর্তমান সরকার চায় এক বিলিয়ন টাকা বিনিয়োগ করে বাংলাদেশকে ডিজিটালাইজড করা। ভিশন ২০২১ বাস্তবায়ন করার পূর্বশর্তই হলো আগে দেশের সাইবার সিকিউরিটি নিশ্চিত করা এবং এর জন্য প্রয়োজনীয় বাজেট রেখে আইসিটি অ্যাক্টকে শক্তিশালী ও সঠিক প্রয়োগ করলেই পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা সাইবার ক্রাইমের বিরুদ্ধে লড়তে পারবে। তাই ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আইসিটি আইনকে মাথায় রেখে তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন ও এ আইনের ধারাবাহিক সংশোধন এবং কঠোরতা প্রয়োজন।মুহাম্মদ মোস্তফা কামালসহকারী অধ্যাপক, অপরাধবিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিভাগমুজিব আহম্মদশিক্ষার্থী, অপরাধবিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিভাগমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়