সাইবার অপরাধ প্রতিরোধে বিটিআরসির ১১ সদস্যের দল
সাইবার অপরাধ প্রতিরোধে এবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মাঠে নেমেছে। বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম (সিএসআইআরটি) নামে এই দলটি আজ বুধবার থেকে সাইবার অপরাধ শনাক্তে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ।বিভিন্ন ওয়েবসাইটে রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষমূলক বিষয়গুলো শনাক্ত করে ব্যবস্থা নেবে এই দলটি।এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কমিশনের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ১১ সদস্যের এই দলে কমিশনের সদস্য, মুঠোফোন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, পিএসটিএন অপারেটর, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও সাইবার ক্যাফের প্রতিনিধিরা রয়েছেন বলে জানান তিনি। বিটিআরসি ভবনের একটি কক্ষে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সহকারী পরিচালক পদের কর্মকর্তারা সর্বক্ষণ নজরদারি করবেন বলে জানান বিটিআরসির চেয়ারম্যান।কমিশন সূত্র জানান, সম্প্রতি কিছু সেনাসদস্যের অভ্যুত্থান চেষ্টা নস্যাতের পরই সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ দল গঠনের চিন্তা করা হয়। কারণ ১৯ জানুয়ারি সেনাবাহিনী জানায়, অভ্যুত্থান চেষ্টাকারী ওই সেনাসদস্যরা ইন্টারনেট ও মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা এবং প্ররোচিত করার কাজটি করেছেন। এ ছাড়া এর আগে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রধানমন্ত্রীর মৃত্যুকামনা করে মন্তব্য করার ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে।বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান জানান, অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে টেলিযোগাযোগ আইনের আওতায় দুই থেকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা এবং পাঁচ লাখ থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা জরিমানা দিতে হতে পারে।