সাইবার অপরাধ বিচারে ঢাকা ও চট্টগ্রামে ট্রাইব্যুনাল হচ্ছে
আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, সাইবার অপরাধ বিচারের জন্য দেশে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে দুটি ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। আজ সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। আশরাফুন নেছা মোশাররফের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও জানান, ৩০টি জেলার প্রতিটিতে একটি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করা হবে। এ ছাড়া পাঁচটি বিভাগীয় শহরে পরিবেশ আদালত, খুলনা, রাজশাহী ও সিলেটে তিনটি মহানগর দায়রা জজ আদালত এবং বরিশাল ও সিলেটে দুটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, জাতীয় মানবাধিকার কমিশন ২০০৯ সালে পাওয়া ৭৬টি অভিযোগের মধ্যে ৭২টি, ২০১০ সালে ২০৬টি অভিযোগের মধ্যে ১৬৬টি, ২০১১ সালে ৪৫৩টি অভিযোগের মধ্যে ৪০৬টি এবং চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৫৫৬টি অভিযোগের মধ্যে ৩৮৮টি নিষ্পত্তি করেছে। বর্তমানে কমিশনের জনবল ২৮ জন।সালমা ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ৩৩তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর জাতীয় প্রচারমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। কথিত প্রশ্ন ফাঁসের ঘটনা উদঘাটনে সরকারি কর্মকমিশন (পিএসসি) গঠিত আন্তমন্ত্রণালয় তদন্ত কমিটি কাজ করছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো আলামত পাওয়া গেলে সে বিষয়ে কমিশনকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, পদ শূন্য না থাকা সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি সত্য নয়।