সাইবার অপরাধের তথ্য নেবে সিএসআইআরটি
সাইবার অপরাধ প্রতিরোধে সম্প্রতি একটি বিশেষ দল গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কম্পিউটার ও সাইবার অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য এই বিশেষ দলের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম বা সিএসআইআরটি সাইবার অপরাধ প্রতিরোধে সহায়তা ও পরামর্শ দেবে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সিএসআইআরটি সার্বক্ষণিক নজরদারি করবে বলেই প্রথম আলো অনলাইনকে জানিয়েছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ।গিয়াসউদ্দিন আহমেদ বলেন, মোবাইল ফোনে এসএমএস করে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার ঠিকানা দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে সাইবার অপরাধবিষয়ক পরামর্শ ও সাহায্য পাওয়া যাবে। প্রযুক্তির ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে এই কার্যক্রম আরও বাড়ানো হবে। মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, পিএসটিএন, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও সাইবার ক্যাফের প্রতিনিধিদের এই দলে রাখা হয়েছে। মোবাইল অপারেটর ও অন্যান্য প্রতিষ্ঠান এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনসহ কম্পিউটার ও অনলাইনবিষয়ক আরও অনেক প্রতিষ্ঠানকে নিয়ে একসঙ্গে কাজ করছে সিএসআইআরটি। রাষ্ট্র, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ওয়েবসাইটগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করবে এই দল। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন মেনে অপরাধীকে শাস্তির জন্য সুপারিশ করবে এই দল।সিএসআইআরটির প্রধান গিয়াসউদ্দিন আহমেদ আরও বলেন, ‘ই-মেইল ছাড়াও আরও বেশি তথ্য পেতে একটি ওয়েবসাইট তৈরির কাজ চলছে। শিগগিরই ওয়েবসাইটটির উদ্বোধন করা হবে। এই ওয়েবসাইট থেকে সাইবার অপরাধ প্রতিরোধ ও এ-বিষয়ক বিভিন্ন তথ্য থাকবে।’সিএসআইআরটি প্রসঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাবির প্রথম আলো অনলাইনকে জানিয়েছেন, ‘এই টিমের একজন সদস্য হিসেবে আমার মনে হয়েছে, সাইবার অপরাধ প্রতিরোধে সরকারি এই উদ্যোগ প্রশংসনীয়। এই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার ইমার্জেন্সি রেসপনস টিমের (বিডিসার্ট) পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’উল্লেখ্য, ২০০৭ সালে যাত্রা শুরু করে বিডিসার্ট এখনো কাজ করছে।সুমন আহমেদ সাবির আরও বলেন, সরকারি এই উদ্যোগ অনেক পরে এলেও তা অবশ্যই প্রশংসনীয়। আইএসপিএবি ও অন্যান্য সার্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিডিসার্ট যেভাবে কাজ করবে, ঠিক তেমনি সিএসআইআরটির সঙ্গেও কাজ করবে। তিনি বলেন, ‘যদিও সিএসআইআরটি লোকবলের সংকট ও অপারেশন চালানোর মতো অবস্থায় এখনো পৌঁছাতে পারেনি; তবে আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে। আমরা টানা কয়েক মাস কাজ করে বর্তমানে অপরাধ প্রতিরোধে সহযোগিতা দেওয়ার পর্যায়ে এসেছি।’উল্লেখ্য, ২৫ জানুয়ারি থেকে ১১ সদস্যবিশিষ্ট সিএসআইআরটি দলটি কাজ শুরু করলেও, এত দিন দলটির সঙ্গে যোগাযোগের কোনো উপায় ছিল না।সাইবার অপরাধ বিষয়ে তথ্য দেওয়ার জন্য [email protected] ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে সিএসআইআরটি।