সাইবার হামলা প্রতিরোধের দাবি ইরানের
শিল্প এলাকার কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা প্রতিহত করার দাবি করেছে ইরান। দেশের দক্ষিণের সমুদ্র তীরবর্তী হরমোজগান প্রদেশের কয়েকটি ওয়েবসাইটে ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে ইরান জানিয়েছে। ইরানের এক সরকারি কর্মকর্তা আজ মঙ্গলবার রয়টার্সকে জানান, শুরুতে হামলার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনাগুলো। কিন্তু পরে দেশের শিল্পাঞ্চলের কম্পিউটারগুলোতে ভাইরাস ছড়িয়ে সাইবার যুদ্ধের সূচনা ঘটানো হয়।ইরানের সাইবার প্রতিরোধবিষয়ক সংস্থা ‘পরোক্ষ প্রতিরক্ষা বিভাগের’ হরমোজগান প্রদেশের প্রধান আলী আকবর আখাভান ইরানের একটি বার্তা সংস্থাকে বলেন, ‘বিদেশি শত্রুরা বারবার ইরানের শিল্প এলাকাগুলোতে ইন্টারনেটের মাধ্যমে হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ভাইরাসের মাধ্যমেও প্রদেশের কয়েকটি শিল্পকারখানায় হামলা চালানোর চেষ্টা করা হয়। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় ও দক্ষ হ্যাকারদের সহযোগিতায় এ হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।’ আলী আকবর আখাভান আরও বলেন, কিছুদিন আগে হরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের একটি বিদ্যুত্ উত্পাদনকারী প্রতিষ্ঠান এ ধরনের সাইবার হামলার শিকার হয়। এ ছাড়া এ বছরের বিভিন্ন সময়ে সাইবার হামলাকারীরা ইরানের তেল ও গ্যাসসমৃদ্ধ এলাকাগুলোতে হামলা চালায় এবং ইন্টারনেট-ব্যবস্থাকে ধীর করে দেয়। ২০১০ সালে ‘স্টাক্সনেট’ ভাইরাসের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সেন্ট্রিফিউজে সাইবার হামলা চালানোর পর ইরান তার দেশের অনলাইন নিরাপত্তা বাড়ায়। সাইবার হামলা প্রতিরোধে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য পরোক্ষ প্রতিরক্ষা বিভাগ নামের একটি পৃথক সংস্থা গঠন করে ইরান।