সাঈদকে ধরতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
পাকিস্তানি নাগরিক হাফিজ মোহাম্মদ সাঈদকে গ্রেপ্তার করতে তথ্য দিয়ে সাহায্য করার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হাফিজ ২০০৮ সালে মুম্বাই হামলায় পরিকল্পনাকারী ছিল বলে অভিযোগ রয়েছে। মুম্বাইয়ের ওই হামলায় আট মার্কিনসহ ১৬৬ জন নিহত হন।গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়। ভারত আজ মঙ্গলবার এ ঘোষণায় স্বাগত জানিয়েছে। এর আগে ভারত সরকার ইন্টারপোলের সাহায্যে সাঈদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এ পুরস্কার তালেবান নেতা মোল্লা ওমরের জন্য ঘোষণা করা পুরস্কারের চেয়ে বেশি, তবে আল-কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরির চেয়ে আড়াই কোটি ডলার কম।মার্কিন ওয়েবসাইটে আরও বলা হয়, সাবেক এই অধ্যাপক ও প্রকৌশলী হাফিজ সাঈদ কট্টর ইসলামি সংগঠন জামায়াত-উদ-দাওয়া প্রতিষ্ঠায় সাহায্য করেন। এ সংগঠনের মূল্য লক্ষ্য ভারত ও পাকিস্তানে ইসলামি শাসন কায়েম করা। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।সিএনএন জানায়, জামায়াত-উদ-দাওয়ার সামরিক শাখা লস্কর-ই-তাইয়েবাকেও ২০০১ সালে যুক্তরাষ্ট্র ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ বলে ঘোষণা দিয়েছে। লস্কর-ই-তাইয়েবা ভারতে বড় বড় হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়।মুম্বাই হামলায় সাঈদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকা সত্ত্বে ২০১০ সালের এক সাক্ষাত্কারে তিনি এ হামলায় লস্কর-ই-তাইয়েবার জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন।জামায়াত-উদ-দাওয়ার মুখপাত্র মু. মুজাহিদ বলেছেন, এতে মার্কিনদের প্রতি মুসলমানদের ঘৃণা আরও বাড়বে।ওই মুখপাত্র আরও বলেন, সাঈদ কোনো পাহাড় বা গুহায় লুকিয়ে নেই। তিনি পাকিস্তানে মুক্তভাবে বসবাস করছেন। সাঈদ আজ অ্যাবোটাবাদে একটি শোভাযাত্রায় অংশ নেবেন বলেও জানান মুজাহিদ।