সাঈদী, মুজাহিদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলার অপর আসামি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকেও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতের দুই নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে আসেন।ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামায়াতের তিন নেতাকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত ওই মামলায় জামিন দিলেও অন্য পাঁচ মামলায় তাঁদের প্রত্যেককে ১৬ দিন করে রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি পল্টন থানায় পুলিশের কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় জামায়াতের দুই নেতাকে গতকাল রিমান্ডে নেওয়া হয়।জানতে চাইলে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের সুবিধার্থে আজকে (গতকাল) দুজনকে আনা হয়েছে। পর্যায়ক্রমে তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হবে।’জামায়াতের ঝটিকা মিছিল: জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় তিন নেতাকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে গতকাল রাজধানীর দুটি এলাকায় ঝটিকা মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। দুই জায়গাতেই মিছিল শুরু হওয়ার অল্পক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর মিছিলকারীরা পথচারীদের সঙ্গে মিশে গিয়ে এলাকা ত্যাগ করেন।বিকেলে শান্তিনগর ও বিজয়নগর থেকে মিছিল দুটি বের হয়। মিছিল থেকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।দুই জায়গাতেই মিছিলকারীরা প্রথমে পথচারীর বেশে চলাচল করছিল। বেলা চারটা ৩৪ মিনিটে শান্তিনগর মোড় থেকে কয়েকজন নেতা-কর্মী প্রথমে ‘নারায়ে তাকবির’ বলে স্লোগান দেন। মুহূর্তেই চারপাশ থেকে শ খানেক লোক দৌড়ে এসে মিছিল শুরু করে দেয়।মিছিলটি মালিবাগ মোড়ে পৌঁছার পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এই পর্যায়ে দুজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেন। সঙ্গে সঙ্গে জামায়াতের নেতা-কর্মীরা পথচারীদের সঙ্গে মিশে গিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর পুলিশের আরও সদস্য ঘটনাস্থলে আসেন এবং মৌচাক মার্কেটের সামনে থেকে জামায়াতের কর্মী সন্দেহে দু-তিনজনকে আটক করেন।প্রায় একই সময়ে বিজয়নগর মোড় থেকে আনুমানিক ৩০-৪০ জন নেতা-কর্মী ব্যানার নিয়ে তিন নেতার মুক্তির দাবিতে মিছিল বের করেন। সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ ব্যানার কেড়ে নেয় ও লাঠিপেটা করে। জামায়াতের নেতা-কর্মীরা আশপাশের গলি দিয়ে এলাকা ছেড়ে চলে যান।