সাঈদী আঙুল দিয়ে দেখিয়ে দেন, শুরু হয় লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার প্রথম সাক্ষী মো. মাহাবুবুল আলম হাওলাদার। মামলার দ্বিতীয় সাক্ষী রুহুল আমিন নবীনও তাঁর বক্তব্য উপস্থাপন শুরু করেছেন।আগামী রোববার মো. মাহবুবুল আলম হাওলাদারকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। আর কাল বৃহস্পতিবার মামলার দ্বিতীয় সাক্ষী রুহুল আমিন নবীন তাঁর বক্তব্যের পরবর্তী অংশ উপস্থাপন করবেন।মাহাবুবুল আলম হাওলাদার সাক্ষ্যে বলেন, ১৯৭১ সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ভাষণের পর স্বাধীনতাপ্রিয় সব মানুষ মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন। পঁচিশে দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু বলেছিলেন, আজ থেকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তার পর থেকেই বাংলাদেশের ছাত্র-জনতা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। অনেকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের জন্য ভারতে চলে যান। অনেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে অস্ত্র-গুলি সংগ্রহ করেন। গেরিলা প্রশিক্ষণের মাধ্যমে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। আর প্রতিরোধ অব্যাহত রেখে আক্রমণ করে সারা বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীকে হত্যা করেন গেরিলারা।মাহাবুবুল আলম হাওলাদার বলেন, ‘পাকিস্তানি হানাদারবাহিনী উপায়ান্তর না দেখে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী গোলাম আযম, খুলনার এ কে এম ইউসুফ, পিরোজপুরে খান মো. আফজালসহ অনেককে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বাহিনী শান্তি কমিটি গঠন করে। পরবর্তী সময়ে প্রচলিত নিয়মানুযায়ী বাংলাদেশের স্বাধীনতাবিরোধী সেকান্দার আলী শিকদার, দানেশ আলী মোল্লা, মোসলেহউদ্দিন মওলানা, আজাহার আলী তালুকদার, দেলাওয়ার হোসেন বর্তমান সাঈদীসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সংগঠনের সমন্বয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার বাহিনী গঠন করেন। মে মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানি হানাদার বাহিনী পিরোজপুরে আসে। ৭ মে সকাল বেলা আমি বাইরেই ছিলাম। লোকমুখে শুনতে পারি, পাকিস্তানি হানাদার বাহিনী আসছে এবং পারেরহাটের শান্তি কমিটির লোকেরা পারেরহাট রিকশা স্ট্যান্ডে তাঁদের অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। আমি পারেরহাটে রিকশা স্ট্যান্ডে গিয়ে গোপনে লক্ষ করি, পারেরহাটের শান্তি কমিটির লোকেরা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ২৬টি রিকশায় কয়েকজন পাক-হানাদার বাহিনী পারেরহাট রিকশা স্ট্যান্ডে নামে। শান্তি কমিটির লোকেরা তাদের অভ্যর্থনা করে। দেলাওয়ার হোসেন সাঈদী উর্দু ভাষা ভালো জানতেন বিধায় ক্যাপ্টেন ইজাজের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি বাজার থেকে পাক-হানাদার বাহিনীকে নিয়ে যেতে থাকেন।’সাঈদী আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের দোকানঘর ও বসতঘর আঙুল দিয়ে ক্যাপ্টেন ইজাজকে দেখিয়ে দেন। ক্যাপ্টেন এজাজ লুট করার নির্দেশ দেন—লুটপাট শুরু হয়ে যায়। আমি অবস্থা খারাপ দেখে একটু দূরে সরে যাই। পরে জানতে পারি, ৩০-৩৫টি দোকানঘরের মালামাল, বসতবাড়ি লুটপাট করে সাঈদী সাহেবের নেতৃত্বে ভাগবাটোয়ারা করে নেওয়া হয়। পারেরহাটের বড় ব্যবসায়ী মাখন সাহার দোকানঘরের মাটির নিচে একটি লোহার সিন্দুক থেকে ২২ সের সোনা-রুপা লুট করা হয়। ক্যাপ্টেন এজাজ তা নিজেই নিয়ে নেন। ক্যাপ্টেন এজাজ এত সোনা একবারে পেয়ে পারেরহাটের নাম রাখেন সোনার পারেরহাট।অপর সাক্ষী রুহুল আমিন নবীন বলেন, ১৯৭১ সালের পঁচিশে মার্চ পাকিস্তানি শাসকগোষ্ঠী অপারেশন সার্চলাইট নামে এ দেশের নিরীহ মানুষের ওপর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্রদের ওপর এবং সাধারণ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। হত্যার পর তাদের গণকবর দেওয়া হয়। এর আগে পঁচিশে মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশিত স্বাধীনতার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ দেশের স্বাধীনতাকামী ছাত্র-কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষ বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ থেকে মুক্তির জন্য মুক্তিবাহিনী গঠন করে। মুক্তিবাহিনী সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর আক্রমণ চালাতে শুরু করে। পাকিস্তানি হানাদার বাহিনী উপায়ান্তর না দেখে এবং দিশেহারা হয়ে এ দেশের কতিপয় দালাল ও জামায়াতে ইসলামীর কর্মীদের নিয়ে শান্তি কমিটি ও রাজাকার বাহিনী আলবদর বাহিনী, আল-শামসবাহিনী গঠন করে। (চলবে)