সাঈদী ও মীর কাসেমের বিরুদ্ধে কর ফাঁকির মামলায় পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলা দুটি করা হয়।আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন মামলা দুটি গ্রহণ করে সাঈদী ও মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।সাঈদীর বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদী আয়কর বিবরণীতে হলফনামা দিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত আয়কর বিবরণীতে দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন করেছেন। এর ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১০ টাকার কর ফাঁকি দিয়েছেন। এর মাধ্যমে তিনি আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অপরাধ করেছেন। সাঈদীর বিরুদ্ধে এই মামলা করেন এনবিআরের উপ কর কমিশনার মাসুমা খাতুন।মীর কাসেম আলীর বিরুদ্ধে একই অভিযোগ এনে মামলা করেন এনবিআরের আরেক উপ কর কমিশনার মনিরুজ্জামান। এ মামলায় অভিযোগ করা হয়, কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান মীর কাসেম আলী ২০০৫-০৬ করবর্ষে ৩৪ লাখ ৮৫ হাজার ৮৬৬ টাকার তথ্য গোপন করেছেন এবং এর ওপর প্রযোজ্য ১১ লাখ ২৮ হাজার ২৩৫ টাকার কর ফাঁকি দিয়েছেন।