আয় কর ফাঁকির অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে দুটি আলাদা মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের পক্ষ থেকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলা দুটি করা হয়।আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন মামলা দুটি গ্রহণ করে সাঈদী ও মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।সাঈদীর বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়, তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত আয় কর বিবরণীতে দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন করেছেন। একই সঙ্গে এর ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১০ টাকার কর ফাঁকি দিয়েছেন। এনবিআরের উপ-কর কমিশনার মাসুমা খাতুন বাদী হয়ে সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন। আর মীর কাসেম আলীর বিরুদ্ধে এনবিআরের অপর উপ-কর কমিশনার মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন।এ মামলার অভিযোগে বলা হয়, কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান মীর কাসেম আলী ২০০৫-০৬ কর-বছরে ৩৪ লাখ ৮৫ হাজার ৮৬৬ টাকার তথ্য গোপন করেছেন এবং এর ওপর প্রযোজ্য ১১ লাখ ২৮ হাজার ২৩৫ টাকার কর ফাঁকি দেন।